নিজেদের ফিরে পেয়ে মেসির উচ্ছ্বাস
আর্জেন্টিনা অধিনায়ক বললেন, প্রথমার্ধে যেমন খেলা প্রয়োজন ছিল তেমনই খেলেছেন তারা।
ম্যাচের প্রথমভাগটা ছিল একেবারেই অগোছালো। দুই দলই খেলে এলোমেলো ফুটবল। তবে লিওনেল মেসির মতে, ওই সময় যেমন প্রয়োজন ছিল সেরকমই খেলেছেন তারা। দ্বিতীয়ার্ধে নিজের গুছিয়ে নেয় আর্জেন্টিনা। মেসির জাদুকরী এক মুহূর্তে ধরে ম্যাচের লাগাম। পরে করে আরেকটি গোল। দ্বিতীয়ভাগে নিজেদের ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টাইন মহাতারকা।
পা হড়কালেই হতো বিষম বিপদ, হারলেই বিদায়! ড্র করলে পরের ধাপে খেলার ভাগ্য ঝুলে থাকত অনিশ্চয়তার সুতোয়। সৌদি আরবের বিপক্ষে হারা আর্জেন্টিনার সামনে জেতার বিকল্প ছিল সামান্যই। মেক্সিকোর বিপক্ষে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের হাতেই ধরা দেয় কাঙ্ক্ষিত সেই জয়।
লুসাইল স্টেডিয়ামে দর্শকে ঠাসা গ্যালারির সামনে শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। বাঁচিয়ে রাখে তারা শেষ ষোলোয় খেলার আশা।
ম্যাচের প্রথমার্ধে নিজেদের খুঁজে ফেরে আর্জেন্টিনার ফুটবলাররা। এই সুযোগ কাজে লাগিয়ে মাঝে মধ্যেই তাদের শিবিরে ভীতি ছড়ায় মেক্সিকো। শেষ পর্যন্ত অবশ্য জালের দেখা পায়নি কোনো দলই।
দ্বিতীয় ভাগে নিজেদের গুছিয়ে নিলেও সেভাবে আক্রমণ শানাতে পারছিল না আর্জেন্টিনা। ঠিক সে সময়ই যেন নিজেকে মেলে ধরেন মেসি। উপহার দেন জাদুকরী এক মুহূর্ত। প্রায় ২৫ গজ দূর থেকে হুট করে নেওয়া শটে মেক্সিকোর রক্ষণ ভেদ করে গোলকিপারকে ফাঁকি দিয়ে খুঁজে নেন জাল।
মেসির ৬৪ মিনিটের ওই গোলে যেন বদলে দেয় আর্জেন্টিনার ছন্দ। নিজেদের খুঁজে পেতে শুরু করে তারা। ৮৭ মিনিটে চোখধাঁধানো এক গোল উপহার দেন এনসো ফের্নান্দেস।
ওই গোলেও অবদান আছে মেসির। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলে সেরার পুরস্কারও জিতে নেন তিনি। পরে সংবাদ সম্মেলনে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, মেক্সিকোর মতো দক্ষতাসম্পন্ন এক দলের বিপক্ষে পরিপূর্ণ পারফরম্যান্সের এক ম্যাচ খেলেছেন তারা।
“দ্বিতীয়ার্ধে আমরা পুরো মাঠ জুড়ে খেলেছি। আমরা যেন সেই সময়ে স্বরূপে ফিরি। তারপর ফলাফল আমাদের জন্য উচ্ছ্বাস নিয়ে আসে, যা আমাদের প্রয়োজন ছিল। নিজেদের স্থির করার জন্য আমাদের এই ম্যাচ জিততেই হতো।”
এই ম্যাচে বেশ কিছু রেকর্ডের পাতায় নাম লেখান মেসি। মাঠে নেমেই পাশে বসেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ২১ ম্যাচ খেলা দিয়েগো মারাদোনার। পরে গোল করে আবারও ২০২০ সালে ওপারে পাড়ি জমানো এই কিংবদন্তিকে স্পর্শ করেন তিনি।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারারোনা বিশ্ব মঞ্চে ২১ ম্যাচ খেলে গোল করেছিলেন ৮টি। সৌদি আরব ম্যাচের পর মেক্সিকোর বিপক্ষেও জালের দেখা পেয়ে মেসিরও হয়ে গেল ৮ গোল। ১০ গোল নিয়ে আর্জেন্টাইনদের মধ্যে সবার ওপরে আছেন কেবল গাব্রিয়েল বাতিস্তুতা।
