জুমা পড়ে শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর
“প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন, তারা বাস্কেট বল খেলে কি না, টেবিল টেনিস খেলে কি না,” বলেন আতিকুর রহমান রুমন।
খেলাধুলা নিয়ে একদল শিশুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বনানীতে নৌবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর এ আলাপচারিতা হয়েছে বলে তথ্য দিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাধারণত নৌবাহিনীর সদর দপ্তরে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন। আজ জুমার নামাজের পর বাইরে এসে কিছু কোমলমতি শিশুর সঙ্গে তিনি কথা বলেছেন। তাদের খোঁজখবর নিয়েছেন, তারা কী ধরনের খেলাধুলা করে, সে বিষয়েও খোঁজ নিয়েছেন।“
তিনি শিশুদের কাছে জানতে চেয়েছেন, তারা কী খেলা পছন্দ করে, তারা খেলাধুলা করে কি না। তখন কেউ বলেছে ফুটবল খেলে, কেউ বলেছে ক্রিকেট খেলে। প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তারা বাস্কেটবল খেলে কি না, টেবিল টেনিস খেলে কি না।”
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘প্রধানমন্ত্রী শিশুদের খেলার সামগ্রী দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি তাদের সঙ্গে হ্যান্ডশেক করে ‘ওকে, সবাই ভালো থেকো’ বলে বিদায় নেন।”
