আশুলিয়া থেকে নিখোঁজের ৮ মাস পর বাবাকে ফিরে পেলেন ছেলে
ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সিস্টেম প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে শেরপুর পিবিআই।
প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়ায় ছেলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
অবশেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ের সহায়তায় বাবাকে ফিরে পেয়েছেন ছেলে। বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
শনিবার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে ওই বৃদ্ধাকে তার ছেলের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পিবিআই শেরপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত।
উদ্ধার হওয়া ৭০ বছর বয়সি মো. শাহজাহান আলী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের বাসিন্দা।
পিবিআই জানিয়েছে, প্রায় আট মাস আগে আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন শাহজাহান।
এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। সেইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।
২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্যের’ সভাপতি রবিউল ইসলাম রতন ঘটনাস্থলে যান।
পরে তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরে ওই বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। কিন্তু তাতেও ফল আসেনি। এদিকে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধা শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকেন। এ সময়ের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা তার পরিবারের সন্ধান অব্যাহত রাখেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় রতন ও সংগঠনের কয়েকজন সদস্য শাহজাহানকে পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সিস্টেম (এফআইভিএস) প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।
পিবিআই জানায়, তার নাম মো. শাহজাহান আলী। তার বাবার নাম মুনজিল শেখ এবং মায়ের নাম আজিরন খাতুন। পরে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পিবিআই।
এদিন সকালে শাহজাহান আলীর ছেলে মো. জাবেদ ওরফে বাবুল ও নাতজামাই মো. সুমন মিয়া পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে আসেন। তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহানকে তার ছেলের কাছে হস্তান্তর করে পিবিআই।
বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে জাবেদ। এ ঘটনায় তিনি পিবিআই শেরপুর জেলা কার্যালয়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘আজকের তারুণ্যের’ সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, “শাজাহান আলীকে উদ্ধার করার পর দীর্ঘদিন ধরে তার পরিবারের খোঁজ-খবর না পেয়ে পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়। তাকে স্বজনদের হাতে তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আগামীতেও আমাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।”
পিবিআইয়ের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রথমে অজ্ঞাত শাহজাহানকে শনাক্ত করা হয়। পরে তার আত্মীয়-স্বজনকে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়া হয়।
