১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সোলার প্যানেলে চলছে শেরপুর ডিসি কার্যালয়, উদ্বৃত্ত যাচ্ছে গ্রিডে

৯৬টি সোলার প্যানেল বসাতে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 08:03 PM

Updated : 14 Nov 2026, 08:03 PM

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা সোলার প্যানেল দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বাকিটুকু যাচ্ছে জাতীয় গ্রিডে। 

কার্যালয়ের তিনতলার ছাদে স্থাপন করা সোলার প্যানেল থেকে প্রতিদিন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জেলা প্রশাসন ও পিডিবি জানিয়েছে।   

৯৬টি সোলার প্যানেল বসাতে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতিটা প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৬২৫ ওয়াট।‌ প্যানেল স্থাপনের কাজটি করেছে রেনকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 

২৮ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসন কার্যালয় এই বিদ্যুতের মাধ্যমে চলছে। আর শুক্রবার উৎপাদিত বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে। 

এসব তথ্য জানিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি শেরপুর জেলা নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহাম্মেদ বলেন, “জেলার সব সরকারি কার্যালয়ের ছাদে সোলার প্যানেল বসানো গেলে অন্ততঃ দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমরা এরই মধ্যে বেসরকারি পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য নানা কার্যক্রম হাতে নিয়েছি। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারিভাবে যদি সোলার প্যানেল স্থাপন বৃদ্ধি হয় সেক্ষেত্রে জেলার বিদ্যুৎ চাহিদার পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব। 

“আমাদের প্রচেষ্টায় এরই মধ্যে শেরপুর শহরের শেরিপাড়ায় এমারেলড ওয়েল মিল এবং নালিতাবাড়ী উপজেলার তিনানীতে জেলার বৃহৎ শপিং কমপ্লেক্স তাজ বাজার এর ছাদে প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।” 

এ বিষয়ে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “পর্যায়ক্রমে জেলার প্রতিটি সরকারি দপ্তরকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও এই বিদ্যুতের প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হচ্ছে।” 

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে এই প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৪৯৬ ইউনিট বিদ্যুৎ। জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৮৯ মেগাওয়াট।