২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াল থেকে আলোয় চুয়ামেনি

২২ বছর বয়সী এই মিডফিল্ডারের দূরপাল্লার আচমকা গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 12:28 PM

Updated : 11 Dec 2022, 12:28 PM

ফ্রান্সের হয়ে দ্বিতীয় এবং বিশ্বকাপে প্রথম গোল। এতটুকু পরিসংখ্যানে আর কতটুকুই বা শিরোনামে আসা যায়, কিন্তু অহেলিয়া চুয়েমেনি এলেন। তার চোখ ধাঁধানো গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল ফ্রান্স। পরে অলিভিয়ে জিরুদের গোলে জিতে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল দিদিয়ে দেশমের দল। মুকুট ধরে রাখার মিশনে ফরাসিরা এগিয়ে গেল আরও এক ধাপ। 

এখন ফ্রান্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন চুয়ামেনি। তবে প্রাদপ্রদীপের আলোয় ততটা আসেন না। কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা, অঁতোয়ান গ্রিজমান কিংবা উসমান দেম্বেলেও যতটা আলোচনায় থাকেন, ততটা হয় না এই তরুণকে নিয়ে। তবে তার গুরুত্ব ঠিকই জানেন দিদিয়ে দেশম। 

অলিভিয়ে জিরুদকে সামনে রেখে, গ্রিজমানের দুই পাশে এমবাপে ও দেম্বেলেকে রেখে ইংলিশদের বিপক্ষে যুদ্ধ জয়ের ছক কষেছিলেন দেশম। আদ্রিওঁ রাবিও ও চুয়েমেনির কাঁধে তুলে দিয়েছিলেন আক্রমণের রসদ যোগান দেওয়ার ভার। সেই ভার বইতে বইতে সপ্তদশ মিনিটে অবিশ্বাস্য এক গোলই করে ইংলিশ সমর্থকদের স্তব্ধ করে দিলেন চুয়েমেনি। 

বাঁ দিক থেকে একজনকে কাটিয়ে আক্রমণে ওঠা এমবাপে ডান দিকে বল বাড়ান। গ্রিজমানের পা ঘুরে বল পান চুয়ামেনি; পোস্ট থেকে তখন তিনি ২৫ গজ দূরে। কেউ হয়তো ভাবতে পারেননি অতদূর থেকে শট নেবেন ফরাসি মিডফিল্ডার। কিন্তু এক পলকে সামনে ফাঁকা জায়গা থেকে তিনি নিলেন জোরাল শট, গোলরক্ষক জর্ডান পিকফোর্ড পড়িমরি করে ঝাঁপিয়ে নাগাল পেলেন না বলের। ওয়াকার-শ’দের মতো ইংলিশ সমর্থকরাও তখন রীতিমতো হতভম্ব। 

যারা চুয়েমেনিকে চেনেন তারা এই তরুণের মানসিক শক্তি, ম্যাচ পড়তে পারার সক্ষমতা, স্কিলের কথা ভালো করেই জানেন। এবার বুলেট গতির শটে স্কোরিং সামর্থ্যও দেখালেন রৌয়েঁ বেড়ে ওঠা এই ফুটবলার। ছেলের এমন গোল দেখে বাবা ফেরনঁদ চুয়েমেনিও নিশ্চয় স্বপ্ন পূরণের সীমাহীন আনন্দে হাওয়ায় উড়ছেন এখন। 

ফেরনঁদেরও স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। ফুটবলার তিনি হয়েছিলেন, কিন্তু পেশাদার আঙিনায় পা রাখতে পারেননি। নিজের না পারার দুঃখ তিনি ভুলতে চেয়েছিলেন ছেলেকে দিয়ে। তাই ঘরে-বাইরে সারাক্ষণ লেগে থাকতেন ছেলের পিছে, অনুশীলনে নিয়ে যেতেন, ফুটবলার হওয়ার জন্য যা যা দরকার, তার সবটাই করতে একবিন্দু কার্পণ্য ছিল না তার। 

২০০৬ সালে বাবার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যান অহেলিয়া। যোগ দেন এসজে ডি’আর্তিগাসে। অল্প সময়ে হয়ে উঠেন দলের মাঝমাঠের প্রাণভোমরা। ছোট্ট মনে এই বিশ্বাসের জন্মও হলো-বাবার স্বপ্ন পূরণ করতে পারি। পরে ট্রায়াল দেন বোর্দোর যুব দলে এবং প্রথম পরীক্ষাতে পাস করে টিকেও যান। এরপর আর পেছন ফিরে তাকানো নয়। ছুটছেন তো ছুটছেনই। 

বোর্দোর সিনিয়র টিম হয়ে, মোনাকো ঘুরে এ বছরই নোঙর ফেলেছেন রিয়ালে। গণমাধ্যমে আসা খবর অনুযায়ী ট্রান্সফারের অঙ্কটা আপাতত ৮ কোটি ইউরো, পারফম্যান্সের বিবেচনায় তা ছুঁতে পারে ১০ কোটি। মাদ্রিদের ক্লাবটি যে অপাত্রে বিপুল অঙ্কের টাকা ঢালেনি, তার প্রমাণ এরই মধ্যে কিছুটা দিয়েছেন তিনি। 

দেশমের আস্থা তিনি অর্জন করেছিলেন আগেই। ২০২১ সালে কাতার বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেকের কিছুদিন পর নামেন উয়েফা নেশন্স লিগ মিশনে। সেখানে স্পেনের বিপক্ষে ফাইনালসে পল পগবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রান্সের মাঝমাঠ সামলেছিলেন। তাতে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে করিম বেনজেমা ও এমবাপের গোলে জিতেছিল ফরাসিরা। 

কাতার বিশ্বকাপে ফরাসি দলে আগে থেকে নেই পগবা। শুরুতে বেনজেমা থাকলেও চোট ছিটকে দিয়েছে তাকে। চুয়েমেনিদের কাঁধে দায়িত্ব এখন বেশি। সেটা পালনের সামর্থ্য যে আছে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে দুর্দান্ত এক গোল করে তারই বার্তা যেন এই তরুণ দিলেন দারুণভাবে।