২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে সেই মার্কিন সাংবাদিককে হত্যার অভিযোগ ভাইয়ের

রেইনবো টিশার্ট পরার কারণে গ্রান্ট ওয়ালকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তার ভাই এরিক।

কাতারে সেই মার্কিন সাংবাদিককে হত্যার অভিযোগ ভাইয়ের

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে কাছে রেইনবো টিশার্ট পরা মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 09:27 PM

Updated : 10 Dec 2022, 09:36 PM

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে খ্যাতিমান মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়ালকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই এরিক। রেইনবো টিশার্ট পরার কারণে ওয়ালকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স গ্রান্ট ওয়ালের এজেন্টের বরাত দিয়ে জানায়, লুসাইল স্টেডিয়ামে শুক্রবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের প্রতিবেদন নিয়ে ব্যস্ততার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওয়াল এবং ‘তীব্র যন্ত্রণায়’ ভুগে মারা যান তিনি। একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, স্টেডিয়ামের প্রেস বক্স এলাকায় ৪৮ বছর বয়সী এই সাংবাদিক পড়ে গিয়েছিলেন।

তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেইশন) দেওয়া হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরেনি। উবারে করে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

একসময় স্পোর্টস ইলাস্ট্রেইটেডে কাজ করা ওয়াল পরে অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাকে যোগ দেন। নিজের অষ্টম বিশ্বকাপ কাভার করতে আসা এই সাংবাদিক গত সোমবার সাবস্ট্যাকে করা এক পোস্টে জানিয়েছিলেন, কাতারে তিনি একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল এবং তার ব্রঙ্কাইটিস আছে বলে জানানো হয়েছিল।

“আমার শরীরটা ভেঙে পড়েছে। তিন সপ্তাহ ধরে কম ঘুম, অধিক চাপ এবং অনেক কাজ করায় এটি হতে পারে। গত ১০ দিন ধরে যে ঠাণ্ডা ছিল, তা যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস ম্যাচের রাতে আরও গুরুতর রূপ নেয়। মনে হচ্ছিল, আমার বুকের ওপরের অংশে আরও বেশি চাপ লাগছে এবং অনেক অস্বস্তি বোধ করছিলাম।”

“আমার কোভিড ছিল না (এখানে আমি নিয়মিত পরীক্ষা করাই)। কিন্তু আজ (সোমবার) মূল মিডিয়া সেন্টারের মেডিকেল ক্লিনিকে গিয়েছিলাম। তারা বলল, আমার সম্ভবত ব্রঙ্কাইটিস আছে। তারা আমাকে অ্যান্টিবায়োটিক এবং কাশির সিরাপ দিল। আমি ইতোমধ্যে কিছুটা ভালো অনুভব করছি।”

নভেম্বরের শেষ দিকে ওয়াল জানিয়েছিলেন, এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রকাশ করে তিনি একটি রেইনবো টিশার্ট পরে কাতারের এক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন, তখন ‘সমলৈঙ্গিক সম্পর্ক’ নিষিদ্ধ থাকা দেশটির নিরাপত্তা কর্মীরা তাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল।

ওই সময়ে তিনি জানান, আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের দিন ঘটনাটি ঘটে, বিশ্বকাপের নিরাপত্তা কর্মীরা তাকে ঢুকতে বাধা দেয় ও টিশার্টটি খুলে ফেলতে বলে, কিন্তু তিনি শার্ট না খুলে সেখানে বসে থাকলে পরে এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাকে ভেতরে নিয়ে যান।    

ওয়ালের সমকামী ভাই এরিক শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, রেইনবো টিশার্ট পরার জন্য তার ভাইকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। তার ‘সুস্থ’ ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করার পাশাপাশি এর বিচার চান তিনি।

“আমার কারণেই সে বিশ্বকাপে রেইনবো টিশার্ট পরেছিল। আমি বিশ্বাস করি না, আমার ভাই মারা গেছে। আমি মনে করি, তাকে হত্যা করা হয়েছে।”