০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘রোকযানা’ খ্যাত গায়ক শেখ সাহেদ আলীর অবস্থা ‘শঙ্কামুক্ত’

নতুন প্রায় দুই ডজন গান নিয়ে সামনে আসার প্রস্তুতি নিচ্ছিলেন এই শিল্পী।

‘রোকযানা’ খ্যাত গায়ক শেখ সাহেদ আলীর অবস্থা ‘শঙ্কামুক্ত’

গায়ক শেখ সাহেদ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 05:58 PM

Updated : 04 Nov 2026, 05:57 PM

একসময়ের আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে তাকে এখন কেবিনে আনার প্রক্রিয়া চলছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু এরশাদুল হক টিংকু এ তথ্য জানিয়েছেন।

এরশাদুল হক বলেন, “শেখ সাহেদ আলী বিগত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন। সম্প্রতি তার শরীরে সোডিয়াম কমে যাওয়ার পাশাপাশি হেপাটাইটিস সি ধরা পড়ে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার একটি মাইল্ড স্ট্রোক হয়, যার ফলে শরীরের ডান পাশ কিছুটা অবশ হয়ে পড়ে এবং কথা বলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।”

শারীরিক অবস্থার অবনতি হলে গেল ৩১ অক্টোবর তাকে পুরান ঢাকা গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে দ্রুত আইসিইউ এবং পরবর্তীতে এইচডিইউতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত ডায়ালিসিস এবং অন্যান্য চিকিৎসার পর তার শরীরের পানি ও সোডিয়ামের মাত্রা এখন নিয়ন্ত্রণে আসছে।

এরশাদুল হক বলেন, "আজকে তার একটি সফল ডায়ালিসিস সম্পন্ন হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে ঘুমাতে পেরেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আজকেই তাকে এইচডিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।"

তবে চিকিৎসকরা জানিয়েছেন, কেবিনে নেওয়ার পর তার হাতের ফিস্টুলায় রক্ত জমাট বাঁধার চিকিৎসা এবং নালীর সমস্যার কারণে একটি ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

অনেকদিন ধরেই গানের সঙ্গে নেই শেখ সাহেদ আলী।

তবে নতুন প্রায় দুই ডজন গান নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই শিল্পী।

টিংকু বলেন, গত ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন সাহেদ আলী। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল।

আগামী ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শিল্পীর অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়েছে।

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত।

তার দর্শকপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।