২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হলে মাকড়সা দেখিয়ে জুনিয়রকে ভয় দেখানোর অভিযোগ

“আমার মাকড়সার ফোবিয়া সম্পর্কে ব্লকের সবাই অবগত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 02:57 PM

Updated : 25 Nov 2026, 02:57 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে এক জুনিয়র শিক্ষার্থীকে মাকড়সা দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।

অভিযোগ ওঠা শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি ও হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তারা সবাই স্নাতকোত্তরের শিক্ষার্থী। আর অভিযোগকারী পড়েন চতুর্থ বর্ষে।

প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, তিনি বিজয় ২৪ হলের ১২৫ নম্বর কক্ষে থাকেন। গত সোমবার রাতে তাকে হলের ১২৭ নম্বর কক্ষে ডেকে নিয়ে মাকড়সা দেখিয়ে ভয় দেখান ওই তিন শিক্ষার্থী। এতে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। কক্ষ থেকে বের হওয়ার সময় তাকে কটূক্তিও করা হয়।

পরে তার বমি, বুকে ব্যথা ও প্যানিক অ্যাটাক হয়। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

অভিযোগে ভুক্তভোগী বলেন, “আমার মাকড়সার ফোবিয়া সম্পর্কে ব্লকের সবাই অবগত। সুতরাং স্পষ্টতই, এটি পূর্ব পরিকল্পিত।”

ঘটনার পর হলে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার নিশ্চয়তাও চান।

এদিকে প্রক্টরের কাছে দেওয়া এক আবেদনে অভিযোগ ওঠা শিক্ষার্থীরা বলেন, মাকড়সার প্রতি ভুক্তভোগীর তীব্র ভীতির বিষয়টি তারা আগে জানতেন না। নিছক মজা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এ জন্য তারা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকারও করেছেন।

আবেদনে তারা এও লিখেছেন, ঘটনার সমাধানের পরও সোশালা মিডিয়ায় তাদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তারা মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি তাদের মধ্যে ‘আত্মহত্যার চিন্তাও’ তৈরি হচ্ছে বলে আবেদনে বলা হয়।

‘অনলাইন হয়রানি বন্ধ এবং ব্যক্তিগত সম্মান ও স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত’ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ওই তিন শিক্ষার্থী।

বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম বুধবার বলেন, “গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমি, প্রক্টর ও আবাসিক শিক্ষকরা উভয় পক্ষকে ডেকেছিলাম। সেসময় অভিযুক্ত তিনজন ক্ষমা চেয়েছে আমার সামনে।

“পরবর্তীতে অভিযুক্ত তিনজনের আমরা মুচলেখা নিয়েছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ আসলে আমরা কঠোর পদক্ষেপ নেব।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুল হোসেন বলেন, “গতকাল আমরা এ বিষয়ে বসেছিলাম। অভিযুক্তরা ঘটনাটির বিষয়ে অনুতপ্ত। তবে আজকে আমরা আবারও বসবো পুরোপুরি সমাধান করতে।”