৬ দিন জঙ্গলে একা কাটিয়ে বেঁচে ফিরল ১৭ বছরের কিশোর
গত ৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে পথ হারিয়ে ফেলে কিশোর উইলিয়াম।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ঘন ঝোপঝাড়পূর্ণ জঙ্গলে হারিয়ে যাওয়ার ৬ দিন পর ১৭ বছর বয়সী কিশোর উইলিয়ামকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উদ্ধারকারী দলের সদস্যরা তাকে খুঁজে পান।
গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে উইলিয়াম পথ হারিয়ে ফেলে।
রাতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে ওই কিশোরের সুস্থতা নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তাকে খুঁজে বের করার অভিযানে পুলিশের প্রশিক্ষিত কুকুর, ডুবুরি এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়।
দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে উইলিয়ামকে খুঁজে পাওয়া যায়। একটি উদ্ধারকারী হেলিকপ্টার স্টোনি ক্রিকের প্রায় দুই কিলোমিটার পূর্বে একটি মাছ ধরার সরঞ্জামের বাক্স দেখতে পায়।
এরপর পাশের একটি খাঁড়িতে শুয়ে থাকা অবস্থায় উইলিয়ামকে শনাক্ত করে উদ্ধার করা হয়। হেলিকপ্টারে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয় এবং সে তার পরিবারের কাছে ফিরে যায়।
ছয়দিন জঙ্গলে কাটানোর পরও উইলিয়ামকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা জানিয়েছে যে, উইলিয়াম শারিরীকভাবে সুস্থ আছে। তার শরীরে মাত্র কয়েকটি আঁচড় আছে।
উইলিয়ামের মা এলিজাবেথ বলেন, তিনি ছেলেকে আর কখনও বাড়ির বাইরে বের হতে দেবেন না।
ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জেসন বেনবো জানান, কিশোরটিকে জীবিত ফিরে পেয়ে উদ্ধারকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।
তিনি আরও বলেন, “সব সময় এমন (সৌভাগ্যজনক ঘটনা) ঘটে না। আমি নিশ্চিত যে খুব শিগগিরই সে (উইলিয়াম) আমাদেরকে তার অভিজ্ঞতার গল্প শোনাবে। আমরা তার অভিজ্ঞতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
