পেলেকে নিয়ে ভুল খবর ছড়ানোর অভিযোগ মেয়ের
ফ্লাভিয়া নাসিমেন্তোর দাবি, ফুটবল কিংবদন্তিকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয়নি।
ফুটবল কিংবদন্তি পেলের শারীরীক অবস্থা নিয়ে গণমাধ্যমে ভুল খবর এসেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তার মেয়েদের একজন ফ্লাভিয়া নাসিমেন্তোর দাবি, তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলাকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়াই হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে পেলের বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে। পরে করানো হয় অস্ত্রোপচার। প্রায় এক মাস হাসপাতালে থেকে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার।
নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। শনিবার ব্রাজিলের দৈনিক পত্রিকা ‘ফোলহা ডি সাও পাওলো’র প্রতিবেদনে বলা হয়, অন্ত্রের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে পেলের শরীর এখন আর সাড়া দিচ্ছে না, তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।
এই খবর নাড়িয়ে দেয় পুরো ক্রীড়াঙ্গনকে। পেলেকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তার সুস্থতার জন্য শুরু হয় প্রার্থনা।
ওইদিন রাতেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে পেলের শরীর এবং আপাতত স্থিতিশীল আছেন তিনি। তবে তার চিকিৎসকদের কেউ প্যালিয়েটিভ কেয়ারে রাখার তথ্য নিশ্চিত করেননি।
এবার পেলের মেয়ে নাসিমেন্তো গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, একটু বেশিই ভুল খবর ছড়ানো হয়েছে তার বাবার শারীরিক অবস্থা নিয়ে।
“এটা একদমই ঠিক হয়নি। মানুষ বলছে যে, তিনি শেষ অবস্থায় আছেন, ওনাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস করুন, তেমনটা ছিল না।”
ফ্লেভিয়া আরও বলেন, সময়ে সময়ে পেলের ওষুধ পাল্টানো হবে কারণ, কোলন ক্যান্সার পুরোপুরি সারবে না। ওই সাক্ষাৎকারে পেলের আরেক মেয়ে কেলি জানান, তিন সপ্তাহ আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন তার বাবা। যার ফলে শ্বাসযন্ত্রের সংক্রমণ দেখা দেয়।
“তিনি অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছেন। তবে এই মুহূর্তে তার শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসা করা হচ্ছে। যখন তিনি সুস্থ হয়ে উঠবেন তখন বাসায় ফিরে আসবেন। হাসপাতালে থেকে তিনি এখনই চিরবিদায় নিচ্ছেন না।”
ক্যারিয়ারে কেবল সান্তোস ও নিউ ইয়র্ক কসমস ক্লাবের হয়ে খেলেছেন পেলে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপে জিতেছেন তিনি।
