মেয়েকে নিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু, বিচারের দাবিতে অবরোধ
বাসসহ চালক ও সহকারীকে আটক আটকের পর স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন।
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার পেছনে বসে থাকা ১১ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। পরে বাসচালকের বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার বাইপাস মহাসড়কের ওয়াপদা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈয়দপুর ওসি রেজাউল করিম রেজা।
নিহত আরিফুল হোসেন আরিফ (৪৭) সৈয়দপুর শহরের ওয়াপদা নতুনহাট দোলাপাড়া এলাকার মুকুল হোসেনের ছেলে। তিনি পেশায় সার ব্যবসায়ী ছিলেন। তার মেয়ে সুপ্তি আক্তার শহরের গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই বিদ্যালয়ের শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, মেয়েকে স্কুল থেকে নিয়ে বাজারের কাজ শেষে বাড়ি ফিরছিলেন আরিফ। পথে দিনাজপুরগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিফ মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, সৌদিয়া ইন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসকে পাশ কাটিয়ে উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। পরে গোলাহাট রেলক্রসিংয়ের কাছে মোটরসাইকেলটি ফেলে বাসটি চলে যায়।
আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। তারা বাসচালকের বিচার, সড়কের অপ্রয়োজনীয় ব্যানার-পোস্টার অপসারণ ও পুলিশ বক্স স্থাপনের দাবি জানান।
এতে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানাকে জানানো হয়। পরে বাসসহ চালক ও সহকারীকে আটক করা হয়। তাদের আটকের পর স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন।
