২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অভিষেকের ৮ বছর পর ‘প্রথম’ বিশ্বকাপ, রোমাঞ্চিত ব্রাজিলের ফ্রেদ

এখন সেরা পর্যায়ে আছেন বলে মনে করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 07:10 PM

Updated : 09 Nov 2022, 07:27 PM

আন্তর্জাতিক ফুটবলে ফ্রেদের অভিষেক হয়েছে আট বছর আগে। এরপর অলিম্পিক গেমস ও বিশ্বকাপ দলে ডাক পেয়েও খেলা হয়নি কোনোটায়। সবকিছু ঠিক থাকলে তার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হবে কাতারে। অবশেষে বড় মঞ্চে খেলার হাতছানিতে রোমাঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

ব্রাজিলের হয়ে ফ্রেদের অভিষেক ২০১৪ সালের নভেম্বরে, তুরস্কের বিপক্ষে ৪-০ গোলে জয়ের প্রীতি ম্যাচে বদলি নেমে। ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অলিম্পিকস দলে ডাক পান তিনি। কিন্ত তাকে ছাড়তে রাজি হয়নি তার ওই সময়ের ক্লাব শাখতার দোনেৎস্ক। সেবার সোনা জেতে ব্রাজিল।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রেদ স্কোয়াডে জায়গা পেলেও খেলতে পারেননি চোটের কারণে। পরের দুই বছরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগই পাননি আর।

তবে, এখন তিতের দলের নির্ভরযোগ্য একজন তিনি। ২৯ বছর বয়সী ফুটবলার বুধবার ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে বলেন, বিশ্বমঞ্চে খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত।

“দুর্ভাগ্যবশত (বৈশ্বিক আসরে) ব্রাজিল দলে খেলার ক্ষেত্রে আমার সঙ্গে কিছু ঘটেছিল, যার ফলে প্রভাব রাখতে পারিনি। ২০১৮ বিশ্বকাপের পর কয়েক বছর আমাকে দলে ডাকা হয়নি। এখন আমি ফিরে এসেছি। এই মুহূর্তে মানসিকভাবে খুব ভালো অনুভব করছি। আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।”

২০১৮ সালের মাঝামাঝি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর তার খেলার অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন ফ্রেদ।

“অনেক কিছু পরিবর্তন হয়েছে। ২০১৮ সালে যখন ব্রাজিল দলে ডাক পেলাম, তখনও আমি শাখতারের হয়ে খেলছিলাম। নিশ্চিতভাবে তারা দুর্দান্ত দল। তাদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। এরপর আমি ম্যানচেস্টার ইউনাইটেডে আসলাম, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলির একটি এটি। এখানে এসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আমার বয়স ২৯। আমি প্রস্তুত। সেরা ছন্দে আছি।”

আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ক্যামেরুন।