প্রথমবার ইংল্যান্ড দলে হিল
এজরি কন্সা ছিটকে যাওয়ার পর ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ডিফেন্ডার জেমস হিল।
চোটের জন্য নেশন্স লিগে বৃহস্পতিবারের ম্যাচে খেলা হচ্ছে না এজরি কন্সার। তিনি ছিটকে যাওয়ায় ডাক পেয়েছেন বোর্নমাউথের সেন্টার-ব্যাক হিল।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় হাঁটুর চোটে ম্যাচের মাঝপথে মাঠ ছাড়েন আর্সেনাল ডিফেন্ডার কন্সা। পরে অবশ্য শনিবার হাল সিটির বিপক্ষে জয়ের ম্যাচে তিনি খেলেন পুরো ৯০ মিনিট।
ক্রোয়েশিয়া ম্যাচ থেকে ছিটকে যাওয়া কন্সা এই সপ্তাহেই অনুশীলনে ফিরবেন। আগামী রোববার মাদ্রিদে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।
এর আগে মার্ক গেয়ির চোটে রোববার ইংল্যান্ড দলে ফেরেন ড্যান বার্ন।
এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের প্রতিটি মিনিটে খেলেছেন হিল। ইউরোপা লিগে বোর্নমাউথের অভিষেকেও প্রতিটি মিনিট খেলেছেন তিনি।
২০২২ সালের জানুয়ারিতে বোর্নমাউথে যোগ দিয়ে প্রথম সাড়ে তিন বছর কেবল ২৪ ম্যাচে খেলার সুযোগ পান হিল। গত মৌমুমে একাদশে নিয়মিত হয়ে ওঠেন তিনি। সেবার নিজেদের সেরা ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে বোর্নমাউথ।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতেছে বোর্নমাউথ। প্রিমিয়ার লিগে তারা আছে সাতে।
