অনায়াস জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করলেন কোডি হাকপো।
ম্যাচজুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল নেদারল্যান্ডস। স্বপ্নের মতো কাটানোর বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন কোডি হাকপো। জাতীয় দলের হয়ে তিন বছরের গোল খরা কাটালেন ফ্রেংকি ডি ইয়ং। কাতারকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোয় উঠল ডাচরা। অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নিশ্চিত হলো তাদের গ্রুপ সেরা হওয়াও।
‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচ ড্র করলেই নকআউট পর্বে উঠত নেদারল্যান্ডস। আল বাইত স্টেডিয়ামে মঙ্গলবার ২-০ গোলে জিতেই লক্ষ্য পূরণ করল লুই ফন খালের দল।
কাতারের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্বের সব ম্যাচ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল তারা।
চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় নেদারল্যান্ডস। মেমফিস ডিপাইয়ের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর বল পেয়ে বাইরে মারেন ডিফেন্ডার ডালে ব্লিন্ড। চতুর্দশ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বার্সেলোনা ফরোয়ার্ড মেমফিসের আরেকটি শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
২৬তম মিনিটে হাকপোর দারুণ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেভি ক্লাসেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে চার পাশে ঘিরে থাকা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি, এরপর ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।
নেদারল্যান্ডসের চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন হাকপো। প্রথম তিন জন হলেন ইয়োহান নিশকেন্স (১৯৭৪), ডেনিস বার্গকাম্প (১৯৯৪) ও ভেসলি স্নেইডার (২০১০)।
ছন্নছাড়া কাতার বিরতির আগে সেভাবে প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষাই নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। ক্লাসেনের ক্রসে কাছ থেকে মেমফিসের শট গোলরক্ষক মেশাল বারশাম ঠেকানোর পর জালে বল পাঠান বার্সেলোনা মিডফিল্ডার।
নেদারল্যান্ডসের হয়ে ৪৮ ম্যাচে ডি ইয়ংয়ের দ্বিতীয় গোল এটি। প্রথমটি ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জার্মানির বিপক্ষে দলের ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে।
বাকি সময়েও কাতারের ওপর চাপ ধরে রাখে নেদারল্যান্ডস। ৬৬তম মিনিটে ক্লাসেনের বদলি নামার দুই মিনিট পরই বল জালে পাঠান স্টিভেন বেরহাস। তবে আক্রমণের শুরুতে হাকপোর হাতে বল লাগায় মনিটরে দেখে গোল দেননি রেফারি।
শেষ দিকে বেরহাসের সামনে বাধ সাধে দুর্ভাগ্য। বক্সের বাইরে থেকে তার দারুণ শট ক্রসবারে লাগে।
গ্রুপের আরেক ম্যাচে একুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে সেনেগাল। তিন ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৬। দুই জয় ও এক ড্রয়ে নেদারল্যান্ডসের ৭ পয়েন্ট।
জয়ে আসর শুরুর পর একুয়েডর বিদায় নিল ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে।
