১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জাওয়াদের প্রথম সেঞ্চুরি, ৭০০-তে সবার আগে মিম

অর্ধযুগ পর জাতীয় ক্রিকেট লিগে শিরোপা জয়ের সম্ভাবনা জোরাল করেছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন খুলনা।

জাওয়াদের প্রথম সেঞ্চুরি, ৭০০-তে সবার আগে মিম

আরেকটি সেঞ্চুরি করলেন মিম মোসাদ্দেক। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:24 PM

Updated : 10 Nov 2026, 06:24 PM

ছন্দময় পথচলায় আরেকটি সেঞ্চুরির দেখা পেলেন মিম মোসাদ্দেক। তিন অঙ্ক ছুঁয়েই শুধু থামলেন না। প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন সাতশ রানের মাইলফলক। আর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস পরাজয়ের চোখরাঙানি এড়িয়ে রংপুরকে এনে দিলেন দারুণ এক ড্র।

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের শেষ দিন শতকের স্বাদ পান জাওয়াদ আবরারও। তরুণ ওপেনারের প্রথম সেঞ্চুরির পরও অবশ্য ম্যাচ বাঁচাতে পারেনি বরিশাল। বোনাস পয়েন্টসহ জয় পেল ময়মনসিংহ।

অন্য ম্যাচে নাসুম আহমেদের স্পিনে রাজশাহীকে বড় ব্যবধানে হারিয়েছে সিলেট। ঢাকার বিপক্ষে ড্র করে অর্ধযুগ পর শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে পৌঁছে গিয়েছে খুলনা।

মিমের সেঞ্চুরিতে ম্যাচ বাঁচাল রংপুর

খুলনার মাঠে চট্টগ্রামের বিপক্ষে চমৎকার ইনিংস খেললেন মিম। তার ৩১৭ বলে ১৪৫ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ বাঁচাল রংপুর।

রংপুরের কাজ সহজ করে দেয় কন্ডিশন। ভেজা আউটফিল্ডের কারণে দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা। ৮ উইকেট হাতে রেখে ইনিংস পরাজয় এড়াতে তখন রংপুরের প্রয়োজন ছিল ১১১ রান।

দিনের প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর। দিনের অষ্টম ওভারে অবস্ট্রাক্টিং দা ফিল্ড আউট হন আবদুল্লাহ আল মামুন। হাসান মুরাদের সাদামাটা এক ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পর পিচের ওপর পড়ে বল। সেটি ফিরিয়ে দিতে হাত দিয়ে ধরেন মামুন।

সঙ্গে সঙ্গে অবস্ট্রাক্টিং দা ফিল্ড আউটের আবেদন শুরু করেন মুরাদসহ বাকি ফিল্ডাররা। দুই আম্পায়ার মিলে আলোচনার পর আউটের সিদ্ধান্ত জানান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এভাবে আউট হওয়া বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান মামুন। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও ২০২৪ সালের জাতীয় লিগে বরিশালের বিপক্ষে এভাবে আউট হন ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব।

এরপর ষষ্ঠ উইকেটে মিমকে দারুণ সঙ্গ দেন শিহাব জেমস। তাদের ১১৪ রানের জুটিতে ইনিংস পরাজয় এড়ায় রংপুর।

দুইটি করে চার-ছক্কায় ৫২ রান করে আউট হন শিহাব। এরপর নবীন ইসলাম ও আবু হাশিম দ্রুত ফিরে গেলে আবার আশার আলো দেখতে শুরু করে চট্টগ্রাম।

তবে নবম উইকেটে শাহরিয়া আলআমিনকে নিয়ে ৬৩ বলে ১৪ রানের জুটি গড়ে সব শঙ্কা উড়িয়ে দেন মিম। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৯ চারে নিজের ইনিংস সাজান রংপুর ওপেনার।

এবারের লিগে ছয় ম্যাচের প্রতিটিতে পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেছেন মিম। সব মিলিয়ে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে এখন পর্যন্ত তার সংগ্রহ ৭২৭ রান। আর কোনো ব্যাটসম্যান এখনও ৭০০ রান করতে পারেননি।

মিমের বীরত্বে রংপুরের ড্রয়ে বড় ক্ষতি হয়েছে চট্টগ্রামের। প্রথমবার জাতীয় লিগের শিরোপা সম্ভাবনা জাগালেও এই ড্রয়ে অনেকটা ফিকে হয়ে গেল তা।

ছয় ম্যাচে দুই জয়, তিন ড্রয়ে তাদের ঝুলিতে এখন ২৩ পয়েন্ট। শেষ রাউন্ডে বোনাস পয়েন্টসহ জিততে হবে তাদের। এর সঙ্গে অপেক্ষায় থাকতে হবে খুলনার পরাজয়ের।

Image

ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন জাওয়াদ আবরার। ছবি: বিসিবি

সংক্ষিপ্ত স্কোর

রংপুর ১ম ইনিংস: ১৬৬

চট্টগ্রাম ১ম ইনিংস: ৪০৭

রংপুর ২য় ইনিংস: (আগের দিন ১৩০/২) ১১২ ওভারে ৩১০/৯ (মিম ১৪৫, নিলয় ৫২, মামুন ১৪, আলাউদ্দিন ৪, শিহাব ৫২, নবীন ০, হাশিম ৮, শাহরিয়া ৩*, মেহেদি ০; সানজিদ ১৪-৩-৩০-০, ইফরান ১৭-১-৫৯-৩, মুরাদ ৩৯-৬-৯৩-৩, আশরাফুল ২২-৫-৫৬-০, শামিম ৯-১-২৮-১, সাদ্দাম ১১-০-৩৩-১)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দ্য ম্যাচ: মিম মোসাদ্দেক

ড্র করে শিরোপার খুব কাছে খুলনা

রাজশাহীতে অনুমেয়ভাবেই ড্র হয়েছে ঢাকা-খুলনা ম্যাচ। যার সৌজন্যে ২০১৯-২০ মৌসুমের পর আবার শিরোপা জয়ের দুয়ারে খুলনা। আর শেষ হয়ে গেছে ঢাকার সব সম্ভাবনা।

ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে খুলনার সংগ্রহ ৩১ পয়েন্ট। অজেয় ধারা অব্যাহত রেখে শেষ রাউন্ডে ন্যুনতম ড্র করলেও রেকর্ড অষ্টম ট্রফি ঘরে তুলবে তারা। এমনকি শেষ ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন হতে পারে তারা। সেক্ষেত্রে শুধু চট্টগ্রাম বোনাসসহ না জিতলেই হবে।

এছাড়া সমান ম্যাচে এক জয় ও পাঁচ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চারে ঢাকা।

ম্যাচের শেষ দিন বাকি থাকা তিন উইকেটে ৭৫ রান যোগ করে খুলনা। ফলে ঢাকার সমান ৫১৩ রানেই থামে তাদের ইনিংস। শেখ পারভেজ রহমান করেন ৪৬ রান। বাঁহাতি স্পিনে মাহফুজুর রহমান নেন ৪ উইকেট।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৬ রানের ইনিংস খেলেন ঢাকার ওপেনার আনিসুল ইসলাম। আরেক ওপেনার আশিকুর রহমানের ব্যাট থেকে আসে ৫১ রান।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ১ম ইনিংস: ৫১৩/৯ডি.

খুলনা ১ম ইনিংস: (আগের দিন ৪৩৮/৭) ১৬০.৪ ওভারে ৫১৩ (পারভেজ ৪৬, সফর ২৯*, হালিম ৫, রাকিব ০; সুমন ২১-৬-৬১-০, তৌফিক ১৮-২-৬২-০, ফয়সাল ১১-৩-২৩-১, এনামুল ২০-৫-৭৬-২, আনিসুল ২-০-১০-০ আমিনুল ৪৩-৩-১৪৬-২, মাহফুজুর ৩৫.৪-৬-৮২-৪, তাইবুর ১০-২-৩৭-০)

ঢাকা ২য় ইনিংস: ৩৭ ওভারে ১৭৩/২ (শিবলি ৫১, আনিসুল ৭৬, ফয়সাল ৪০*, মার্শাল ১*; জিয়াউর ৫-০-১৪-০, হালিম ৫-০-২১-০, সফর ৩-০-১৪-০, রাকিব ১৩-১-৬৬-০, পারভেজ ৯-০-৪৯-১, আজিজুল ২-০-৬-১)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: তাইবুর রহমান

আবার নাসুমের ৫ উইকেট

বগুড়ায় শেষ দিন প্রতিরোধ গড়তে পারেনি রাজশাহী। নাসুম আহমেদের স্পিনে বড় ব্যবধানেই জয় পায় সিলেট।

৪৬৩ রানের বিশাল লক্ষ্যে শেষ দিন ৬ উইকেট বাকি রেখে ৪০০ রান প্রয়োজন ছিল রাজশাহীর। এদিন ১৬৫ রানের বেশি করতে পারেনি তারা।

রাজশাহীর পক্ষে লড়াই করে ৯১ রানের ইনিংস খেলেন এসএম মেহেরব হাসান। আর কেউ তাকে তেমন সমর্থন দিতে পারেননি।

প্রথম ইনিংসে ৪৩ রানে ৫ উইকেটের পর নাসুম এবার নেন ৭২ রানে ৫ উইকেট। প্রথম শ্রেণিতে এটি তার ১৫তম ৫ উইকেট। আর এনিয়ে তৃতীয়বার ম্যাচে ১০ উইকেট পেলেন বাঁহাতি স্পিনার।

ছয় ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সিলেট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট ১ম ইনিংস: ৩৩৬

রাজশাহী ১ম ইনিংস: ১৯২

সিলেট ২য় ইনিংস: ৩১৮/৪ ডিক্লে.

রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৩) (আগের দিন ৬৩/৪) ৮০ ওভারে ২২৮ (প্রিতম ২৮, রহিম ১৬, মেহেরব ৯১, নিহাদ ১৮, আলি ১৭, মোহর ১, পায়েল ৫*; আবু জায়েদ ১৫-৪-৪২-২, নাসুম ৩১-১১-৭২-৫, নাঈম ১৮-৫-৫৮-২, তোফায়েল ৭-২-১০-০, গালিব ২-০-৯-০, মহিউদ্দিন ৭-১-২২-১)

ফল: সিলেট ২৩৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাসুম আহমেদ

জাওয়াদের সেঞ্চুরি, তবু হারল বরিশাল

চট্টগ্রামের মাঠে বরিশালের পক্ষে লড়াকু সেঞ্চুরি করেন জাওয়াদ আবরার। তাতে ইনিংস পরাজয় এড়ায় বরিশাল। তবে ময়মনসিংহের বিপক্ষে শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি তারা।

এমনিতে আগ্রাসী ব্যাটসম্যান হলেও স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ৬ চারের সঙ্গে ৪ ছক্কায় ২৪৪ বলে ১০৮ রান করেন জাওয়াদ। ছয় ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি।

এছাড়া উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ আবদুল্লাহ ৫২ রান করলে ইনিংস পরাজয় এড়িয়ে ২৭ রানের লক্ষ্য দিতে পারে বরিশাল। যা অনায়াসেই ছুঁয়ে ফেলে ময়মনসিংহ।

ছয় ম্যাচে এটিই ময়মনসিংহের প্রথম জয়। সব মিলিয়ে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে তারা। সমান ম্যাচে দুই ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানিতেই বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর

ময়মনসিংহ ১ম ইনিংস: ৩৮৬

বরিশাল ১ম ইনিংস: ১৫৬

বরিশাল ২য় ইনিংস: (ফলো-অন) (আগের দিন ১৪৪/৩) ১০১.৪ ওভারে ২৫৬ (জাওয়াদ ১০৮, রুয়েল ২, মইন ১, আবদুল্লাহ ৫২, হাফিজুর ২১, মানিক ৬, কামরুল ১, তানভির ১*; আবু হায়দার ২১-২-৮৪-৪, আজিজুল ৩২-১৫-৫৫-২, মোসাদ্দেক ৭-২-৮-০, ইয়াসিন ১২-০-২৫-০, রনি ৭.৪-২-১৯-২, শুভাগত ২১-২-৫৩-২, মোসাব্বেক ১-০-১-০)

ময়মনসিংহ ২য় ইনিংস: (লক্ষ্য ২৭) ১১.৩ ওভারে ২৭/০ (খালিদ ১৭*, মজিদ ১০*; তানভির ৬-১-১৯-০, মইন ৫.৩-০-৭-০)

ফল: ময়মনসিংহ ১০ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আবু হায়দার রনি