২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালের প্রতিশোধ নাকি বার্সার টানা দুই?

স্প্যানিশ সুপার কাপের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা ট্রফি কেসে যোগ করবে আরেকটি, নাকি রেয়াল মাদ্রিদ কমাবে ব্যবধান?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 08:45 PM

Updated : 13 Jan 2024, 11:36 PM

লড়াইটা চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে হলে অনুপ্রাণিত হতে আর কী লাগে? সঙ্গে আরও যদি যোগ হয় প্রতিশোধের ক্ষুধা? তাহলে তা পায় ভিন্ন মাত্রা। তবে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন উঠতেই কার্লো আনচেলত্তির উত্তর, ‘না, প্রতিশোধের কোনো ভাবনা নেই’! বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে রেয়াল মাদ্রিদ কোচ বরং বারবার বললেন, অন্য সব ম্যাচের মতোই এখানে জয়ের জন্য মরিয়া তার দল। 

বার্সেলোনার জন্য বাড়তি অনুপ্রেরণার হতে পারে গত বছর এখানেই রেয়ালকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উৎসব করেছিল তারা। এবার তাদের সামনে চ্যালেঞ্জ হলো মুকুট ধরে রাখার। 

দুই দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিলে অনেকে হয়তো কিছুটা হলেও রেয়ালকে এগিয়ে রাখবেন। বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসও প্রতিপক্ষের প্রশংসা করতে কার্পন্য করলেন না। তবে লড়াইটা যখন এক ম্যাচের আর প্রতিদ্বন্দ্বিতাটা এই মানের দুই দলের, তখন সম্ভাবনার দৌড়ে কাউকে ফেভারিট দেখেন না তিনি। 

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নামবে স্পেনের দুই জায়ান্ট। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। 

গত মৌসুমটা রেয়ালের জন্য খুব একটা সুখকর ছিল না। জিততে পেরেছিল তারা কেবল কোপা দেল রে ট্রফি। তবে, সেই হতাশা পেছনে ফেলে আবারও পুরনো রূপে নিজেদের মেলে ধরেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে কেবল একটি ম্যাচই হেরেছে দলটি, সেটাও সেই সেপ্টেম্বের। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২০ ম্যাচে অপরাজিত আনচেলত্তির দল, জিতেছে সবশেষ ছয় ম্যাচে। 

সবশেষ জয়টাই হয়তো তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুনে। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের ‘ডিএনএ’ মেলে ধরে তুলে নিয়েছে ৫-৩ গোলের জয়। 

সেই ধারবাহিকতা আরেকটা ম্যাচে কেবল টেনে নেওয়ার পালা। সেই লক্ষ্যে শনিবার সংবাদ সম্মেলনে নিজেদের প্রক্রিয়া অনুসরণেই জোর দিলেন আনচেলত্তি। 

“(প্রতিশোধ প্রশ্নে) না, আমরা সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। কারণ এই ক্লাব আর এই জার্সির এটাই চাহিদা। আমরা প্রতিশোধের জন্য খেলি না…তবে ক্ষুধা সবসময় আগের মতোই থাকে, সব ম্যাচে।” 

সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় বার্সেলোনা একটু পিছিয়েই আছে।

রেয়াল যেখানে মৌসুমের মাঝামাঝি পর্যন্ত হেরেছে মাত্র একটিতে, সেখানে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগেই হেরেছে শাখতার দোনেৎস্ক ও রয়্যাল এন্টওয়ার্পের মতো দলের বিপক্ষে। আর লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে নেমে হেরেছে দুই ম্যাচে; লিগ টেবিলে শীর্ষে থাকা রেয়ালের চেয়ে পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। 

তবে সাম্প্রতিক সময় বিবেচনায় নিলে জয়রথে ভালোভাবেই আছে তারা, জিতেছে সবশেষ চার ম্যাচে। গত বৃহস্পতিবার সুপার কাপের সেমি-ফাইনালে তারা ওসাসুনাকে হারিয়েছে ২-০ গোলে। 

চলতি মৌসুমে নিজেদের সঙ্গে প্রতিপক্ষের পারফরম্যান্সের তুলনা প্রসঙ্গে শাভিও তাই প্রতিপক্ষকে একটু এগিয়ে রাখলেন। তবে শিরোপা জয়ের সম্ভাবনার প্রশ্ন উঠতেই বললেন, ফাইনালে কেউ ফেভারিট নয়। 

“আমার মনে হয়, এখানে আমাদের সৎ হতে হবে এবং আমরা মাদ্রিদের থেকে সামান্য পিছিয়ে। তবে এটা ফাইনাল এবং এখানে উভয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি। কী হতে যাচ্ছে, কেউ ভবিষ্যদ্বাণী করতে পারবে না। আমরা আদর্শ অবস্থানেই আছি, যেখানে থাকতে চেয়েছিলাম, মৌসুমের প্রথম ফাইনালে।” 

গত মৌসুম থেকে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান টানলে আবার দুই দলই সমানে-সমান। ২০২২-২৩ এই পাঁচ বার দেখা হয়েছিল এই দুই দলের; যেখানে তিনটিতে জিতেছিল বার্সেলোনা, দুবার রেয়াল। চলতি মৌসুমেও লা লিগায় প্রথম দেখায় অনেকটা সময় পর্যন্ত আধিপত্য করে শাভির দল, কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে রেয়াল। 

তাই, ক্লাসিকো নামে পরিচিত হয়ে ওঠা এই দুই দলের লড়াইয়ে কে জিতবে, কার সম্ভাবনা কতটা, বলা মুশকিল। আগের অবস্থান তাদের যেমনই হোক না কেন, মাঠের লড়াইয়ে যেকোনো মুহূর্তে তা পাল্টে যেতে পারে।

তাই, আনচেলত্তি যেমন কী হবে না ভেবে সময়টা উপভোগ করছেন, নিচ্ছেন রোমাঞ্চকর লড়াইয়ের প্রস্তুতি। 

“এই ধরনের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়াটাই রোমাঞ্চকর…দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে।” 

যেকোনো প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে রেয়াল-বার্সেলোনা দ্বৈরথ কতটা অর্থবহ, তা বোঝাতে শাভি ফিরে গেলেন অতীতে। বললেন, ট্রফি জিততে হলে তো রেয়ালকে হারাতেই হবে। 

“আমার একটা অনুভূতি হলো, বার্সেলোনা শক্তিশালী হলে রেয়ালও শক্তিশালী হয়ে ওঠে। বার্সেলোনার বেঞ্চে থাকার সময় থেকে দেখছি, শিরোপা জিততে হলে আমাদের মাদ্রিদকে টপকাতে হয়। লড়াইটা সবসময় এমনই।”

ফাইনালের আগে বার্সেলোনার অন্তত একটা দুর্ভাবনা দূর হয়েছে। চলতি মৌসুমে ঠিক চেনা রূপে দেখা যাচ্ছিল না তাদের এক নম্বর স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিকে। তবে পোলিশ এই স্ট্রাইকার সবশেষ দুই ম্যাচে জালের দেখা পেয়েছেন, ওসাসুনার বিপক্ষে তিনিই ডেডলক ভাঙেন। পোলিশ তারকার গোলে ফেরা কাতালান ক্লাবটির জন্য সত্যিই অনেক সুখবর। 

রেয়ালের অবশ্য আক্রমণভাগে তেমন কোনো চিন্তার জায়গা নেই। চোট কাটিয়ে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র, গোল পাচ্ছেন রদ্রিগো। তাদের সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠেছেন মাঝমাঠের তরুণ তারকা জুড বেলিংহ্যাম। চলতি লা লিগায় সর্বোচ্চ ১৩ গোল করেছেন তিনি। গোল পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগেও। 

তবে, মাদ্রিদের দলটির একটা দুর্ভাবনার জায়গা আছে বৈকি, তাদের রক্ষণ। মূল দুই সেন্টার-ব্যাক এদের মিলিতাও ও ডাভিড আলাবা চোটের কারণে আছেন বাইরে। তাদের শূন্যতা পূরণে কোচ আনচেলত্তিকে কাজ চালাতে হচ্ছে বিকল্প দিয়ে। 

ক্লাসিকোর মতো হাইভোল্টেজ লড়াইয়ে রেয়ালের ওই শূন্যতা বড় পার্থক্য হয়ে দাঁড়াতে পারে। বার্সেলোনা কোচ শাভিও নিশ্চয় প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করার পরিকল্পনা আঁটছেন। 

এখন দেখার বিষয়, কৌশল সাজানোয় এবং মাঠে তা কাজে লাগানোয় কারা সফল হয়। সুপার কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ট্রফি কেসে যোগ করবে আরেকটি নাকি রেয়াল ১৩তম জিতে কমাবে ব্যবধান?

পুরনো খবর:

‘ক্লাসিকোয় ফেভারিট নয় কেউ’, মনে করেন আনচেলত্তি
শাভির যে কথা শুনে বিস্মিত আনচেলত্তি
শাভির চোখে আনচেলত্তি ‘ইতিহাসের সেরা কোচদের একজন’
‘ক্ষুধার্ত রেয়াল ভালো ফর্মে আছে, কিন্তু আমরাও শক্তিশালী’