২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

রদ্রি ও ডি ইয়ংকে রক্ষণে খেলানোর ভাবনা বার্সা কোচের

মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে রক্ষণ নিয়ে বড় সমস্যায় পড়েছে কাতালান ক্লাবটি।

রদ্রি ও ডি ইয়ংকে রক্ষণে খেলানোর ভাবনা বার্সা কোচের

বার্সেলোনার তারকা মিডফিল্ডার রদ্রি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 11:10 PM

Updated : 19 Oct 2026, 11:10 PM

দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনার জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে উঠেছে তাদের রক্ষণভাগ। আর এই সমস্যার সমাধানে বাধ্য হয়ে মাঝমাঠের দুই ভরসা রদ্রি ও ফ্রেংকি ডি ইয়ংকে সেন্টার-ব্যাক হিসেবে খেলানোর কথা ভাবছেন কোচ হান্সি ফ্লিক।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। আর আগামী রোববার লা লিগায় ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা।

এমন সময়ে চোট পেয়ে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার জুল কুন্দে ও এরিক গার্সিয়া। ঊরুর চোটে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ সেন্টার-ব্যাক গার্সিয়াকে। আর ফরাসি ডিফেন্ডার কুন্দে অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন।

কুন্দে মূলত রাইট-ব্যাক, তবে সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে পারেন। পিএসজি ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না তিনি। এছাড়া আগে থেকেই বাইরে আছেন ডেনমার্কের আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। অনিশচয়তা আছে জেরার্দ মার্তিনকে নিয়েও। তাই সেন্টার-ব্যাক পজিশনের জন্য ফ্লিকের হাতে আপাতত একমাত্র সেরা পছন্দ পাউ কুবার্সি।

ইউরোপের টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে লড়াইয়ের আগে তাই রদ্রি ও ডি ইয়ংকে নিয়ে বিকল্প ভাবতে হচ্ছে ফ্লিককে। আগের দিন সংবাদ সম্মেলনে সেই কথাই বললেন তিনি।

“আমাদের হাতে বিকল্প আছে। রদ্রি ও ফ্রেংকি (সেন্টার-ব্যাক) হিসেবে খেলতে পারে। আলেক্স কাম্পোসও আমাদের সঙ্গে আছে; প্রথমবারের মতো সে আমাদের সঙ্গে অনুশীলন করেছে।

“এটা আমাদের জন্য সেরা সময় নয়, তবে আমাদের মেনে নিতে হবে। জুল শীঘ্রই ফিরে আসবে; হয়তো সপ্তাহান্তে সে আমাদের জন্য ভালো বিকল্প হতে পারবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কী দাঁড়ায়।”

ইউরোপ সেরার মঞ্চে প্রথম দুই রাউন্ডেই জিতেছে এই দুই দল। সমান ৬ পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে আছে বার্সেলোনা।