২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষুধার্ত রেয়াল ভালো ফর্মে আছে, কিন্তু আমরাও শক্তিশালী’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়াইটা ‘ফিফটি-ফিফটি’ হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।

‘ক্ষুধার্ত রেয়াল ভালো ফর্মে আছে, কিন্তু আমরাও শক্তিশালী’

সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 06:44 PM

Updated : 13 Jan 2024, 10:05 PM

সাফল্যের জন্য রেয়াল মাদ্রিদ সবসময় ‘ক্ষুধার্ত’ থাকে বলে মনে করেন শাভি এর্নান্দেস। এমনিতে দুর্দান্ত ফর্মেও আছে মাদ্রিদের দলটি। তবে নিজেদেরও খুব একটা পিছিয়ে রাখছেন না বার্সেলোনা কোচ। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে দারুণ আশাবাদী শাভি।  

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দল দুটি। যেখানে ৩-১ গোলে জিতে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল শাভির বার্সেলোনা।

এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। চলতি মৌসুমের অর্ধেক পথচলায় সব প্রতিযোগিতা মিলিয়ে স্রেফ একটি ম্যাচ হেরেছে রেয়াল। যেখানে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগেই হেরেছে শাখতার দোনেৎস্ক ও রয়্যাল এন্টওয়ার্পের মতো দলের বিপক্ষে। 

লা লিগার টেবিলে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির রেয়াল। 

তবে ফাইনালে লড়াইটা হবে ‘ফিফটি-ফিফটি’, শনিবার সংবাদ সম্মেলনে বললেন শাভি।

“আমরা ম্যাচে আধিপত্য করার, আমাদের মানসিক দৃঢ়তা দেখানোর, নিজেদের ধরন অনুযায়ী খেলার এবং পজেশন ধরে রেখে খেলার চেষ্টা করব। আমরা রেয়াল মাদ্রিদের থেকে একটু কম ফর্মে থেকে এখানে এসেছি, কিন্তু বল যখন মাঠে গড়াবে, তখন কোনো ফেভারিট থাকবে না।” 

"আমি গত মৌসুমের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আছি। আরও শান্ত আছি। মাদ্রিদ সবসময় ক্ষুধার্ত, তবে এটি শক্তিশালী বার্সা। আমরা আদর্শ একটি মঞ্চে আছি, যা আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমরা সবকিছু উজাড় করে দেব।”

আরও পড়ুন:

পুরনো খবর:

‘ক্লাসিকোয় ফেভারিট নয় কেউ’, মনে করেন আনচেলত্তি
শাভির যে কথা শুনে বিস্মিত আনচেলত্তি
রেয়ালের প্রতিশোধ নাকি বার্সার টানা দুই?
শাভির চোখে আনচেলত্তি ‘ইতিহাসের সেরা কোচদের একজন’