শাভির চোখে আনচেলত্তি ‘ইতিহাসের সেরা কোচদের একজন’
রেয়াল মাদ্রিদ কোচের প্রতি অনেক শ্রদ্ধাবোধ আছে বলে জানালেন বাসেলোনা কোচ।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে প্রশংসায় ভাসালেন শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের মতে, ইতিহাসের সেরা কোচদের একজন আনচেলত্তি।
পরিসংখ্যানও আনচেলত্তির হয়ে কথা বলে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগেরই শিরোপা জয়ী একমাত্র কোচ তিনি। কোচ হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার, এটিও রেকর্ড।
খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আট ব্যক্তির একজন আনচেলত্তি। আরও অসংখ্য রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ ৬৪ বছর বয়সী এই ইতালিয়ান কোচের ক্যারিয়ার।
টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার সৌদি আরবের রিয়াদে আনচেলত্তির রেয়ালের মুখোমুখি হবে শাভির বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে শাভিকে জিজ্ঞেস করা হয়, একজন কোচ হিসেবে আনচেলত্তিকে অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি মনে করেন কি-না। স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার তুলে ধরেন তার ভাবনা।
“নিশ্চিতভাবেই আমি তাকে অবমূল্যায়ন করিনি। আনচেলত্তি বিশ্বের ও ইতিহাসের সেরা কোচদের একজন। তিনি যেখানেই কোচিং করিয়েছেন, সেখানেই সাফল্য পেয়েছেন। খুব কম মানুষই পাবেন যারা তাকে নিয়ে মন্দ কথা বলে। আমার কাছে তিনি উদাহরণস্বরূপ, তার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে।”
আরও পড়ুন:
