২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লাসিকোয় ফেভারিট নয় কেউ’, মনে করেন আনচেলত্তি

গত আসরের ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার ভাবনা নেই বলেও জানালেন রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 09:32 PM

Updated : 13 Jan 2024, 10:00 PM

সাম্প্রতিক পারফরম্যান্সের নিক্তিতে রেয়াল মাদ্রিদের পাল্লাই ভারি। গত ২০ ম্যাচ অপরাজিত তারা। অন্যদিকে বার্সেলোনা চলছে উত্থান-পতনের সিঁড়ি বেয়ে; অবশ্য সবশেষ চার ম্যাচে জিতেছে তারা। তবে লড়াইটা তো ক্লাসিকো, তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের মোটেও হালকাভাবে নিতে রাজি নন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাই কাউকে ফেভারিট মানছেন না রেয়াল কোচ। 

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

গত আসরে রেয়ালকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবারের ফাইনাল তাই রেয়ালের জন্য প্রতিশোধের মঞ্চও। তবে বিস্ময়কর মনে হলেও সত্যি, সংবাদ সম্মেলনে আনচেলত্তির কণ্ঠে হুঙ্কারের ছিটেফোঁটাও নেই! এমনকি সুপার কাপের ফাইনাল মৌসুমের বাকি পথচলা ঠিক করে দেবে বলে মনেও করেন না এই ইতালিয়ান কোচ।

“এটি একটি প্রতিযোগিতা, যেটি আগামীকাল শেষ হয়ে যাবে। এরপরের সবকিছু আলাদা গল্প। ক্লাবের ভাবমূর্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিরোপা। ক্লাসিকোয় সবকিছুই সমানে সমান; আগামীকালও একইরকম থাকবে। এই ধরণের ম্যাচে সবকিছুই সমানে সমান। ছোটখাটো বিষয়গুলো গড়ে দেবে পার্থক্য।” 

“না (প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত নই আমরা)। আমরা পুরো শক্তি নিয়ে খেলব, কেননা, এই জার্সি এবং এই ক্লাবের চাহিদাই এটা। প্রতিশোধের জন্য খেলি না আমরা। তারা শক্তিশালী প্রতিপক্ষ, তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি। কিন্তু আমাদের সাফল্য ক্ষুধা বরাবরের মতোই আছে, সব ম্যাচে যেমনটা থাকে।” 

রেয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ জিনেদিন জিদান; ১১টি। এবার জয়ী হতে পারলে নিজের একসময়ের সহকারীর গড়া কীর্তির পাশে বসবেন আনচেলত্তি।

প্রাপ্তির এই হাতছানি বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে কিনা-এমন প্রশ্নে ‘না’ সূচক উত্তরই দিয়েছেন ৬৪ বছর বয়সী এই কোচ। সামনের পথচলা নিয়েও কিছুটা দার্শনিকের সুরে জানালেন, হার-জিত যাই হোক, এগিয়ে চলাই লক্ষ্য তার। 

“অবশ্যই আমি খুব সন্তুষ্ট এবং খুশি (নিজের সাফল্য নিয়ে), কিন্তু এই শিরোপাগুলো পেছনেই পড়ে থাকে। মাঝেমধ্যে আপনি এর দিকে তাকাবেন এবং সেদিন এটা জিতেছিলাম-এমন করে স্মৃতি আওড়াবেন।” 

“কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, ওই দিনের পর আপনাকে ছুটতে হবে নতুন করে। আমার মানসিকতা এমনই, সবসময় সামনের দিকে তাকাই, যা কিছু ঘটুক না কেন। আগামীকাল একটা শিরোপা জিততে পারি বা হারতে পারি, কিন্তু পরের বৃহস্পতিবার অন্য একটি ম্যাচ খেলতে হবে।” 

আরও পড়ুন:

পুরনো খবর:

শাভির যে কথা শুনে বিস্মিত আনচেলত্তি
রেয়ালের প্রতিশোধ নাকি বার্সার টানা দুই?
শাভির চোখে আনচেলত্তি ‘ইতিহাসের সেরা কোচদের একজন’
‘ক্ষুধার্ত রেয়াল ভালো ফর্মে আছে, কিন্তু আমরাও শক্তিশালী’