২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বার্সেলোনাকে হারানোর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মরিনিয়ো

রেয়াল মাদ্রিদ কোচের মতে, বেঞ্চে বসে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে মাঠে নেমে লড়াই করা বেশি কঠিন।

বার্সেলোনাকে হারানোর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মরিনিয়ো

বের্নার্দো সিলভাকে কিছু একটা বলছেন রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়ো (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 03:36 PM

Updated : 26 Oct 2026, 03:36 PM

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর ক্ষেত্রে নিজের কৃতিত্ব খুব একটা দেখেন না জুজে মরিনিয়ো। তার মতে, বেঞ্চে বসে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে মাঠে নেমে লড়াই করা বেশি কঠিন। আর তাই দলের খেলোয়াড়দের প্রশংসা প্রাপ্য বলে মনে করেন পর্তুগিজ এই কোচ।

কাম্প নউয়ে রোববার রাতে কিলিয়ান এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রেয়াল। স্বাগতিকদের হয়ে গোল করে হাফিনিয়া।

এই ম্যাচের আগের সাত ক্লাসিকোয় কেবল একবার জিততে পারে রেয়াল। বার্সেলোনার বিপক্ষে টানা দুই লড়াইয়ে হারের পর জয়ের দেখা পেল তারা। আর সেটি এলো মরিনিয়োর কোচিংয়ে, যিনি ১৩ বছর পর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ফিরেছেন রেয়াল মাদ্রিদে।

ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করে বার্সেলোনা। স্বাগতিকদের চ্যালেঞ্জ সামলে জিতে ভীষণ খুশি মরিনিয়ো। ম্যাচ শেষে রেয়াল কোচের কাছে জানতে চাওয়া হয়, এই জয়ের কৃতিত্ব তার কিনা।

“না, না। এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়দের। এটাই আমাদের জীবন, কোচদের জীবন। এই কারণে সপ্তাহের পর সপ্তাহে কোচরা চাকরি হারান। তবে এটাই বাস্তবতা। আর এই ক্ষেত্রে বিষয়টি এমন হওয়ায় আমি ভীষণ খুশি। খেলোয়াড়রা এই কৃতিত্বের যোগ্য। সত্যিই তাদের এটা প্রাপ্য।

“বেঞ্চে বসে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে মাঠে নেমে খেলা অনেক বেশি কঠিন। আমি তাদের জন্য অনেক খুশি। তাদের সবার জন্য খুশি। এমনকি আসেন্সিওর জন্যও। এক সপ্তাহ আগে তার অস্ত্রোপচার হয়েছে। তারপরও সে আজ এখানে আসতে চেয়েছে, সতীর্থদের পাশে বেঞ্চে বসে থাকতে চেয়েছে।”

এটা ছিল এবারের মৌসুমের প্রথম ক্লাসিকো। লা লিগায় বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে ম্যাচটি খেলতে নামে রেয়াল মাদ্রিদ। দারুণ জয়ে শীর্ষে থাকা কাতালান ক্লাবটির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনে তারা।

ফুটবলপ্রেমীদের জন্য উপভোগ্য একটি ম্যাচ ছিল বলে মনে করেন মরিনিয়ো। সঙ্গে নিজের খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

“প্রথমত, আমার মনে হয়, এটা দারুণ একটা ম্যাচ ছিল। উচ্চমানের লড়াই। ফুটবলপ্রেমী গোটা বিশ্ব নিশ্চয়ই এই ম্যাচ দেখতে থমকে গিয়েছিল। আর তারা হতাশ হয়নি। কারণ, দুটি দলই জয়ের জন্য খেলেছে।

“নিজের দল নিয়ে কথা বলতেই আমি বেশি আগ্রহী। ছেলেরা অসাধারণ একটি ম্যাচ খেলেছে। তারা ছিল দারুণ সংগঠিত, মনোযোগী এবং প্রতিপক্ষের চাপের মুখেও নিচ থেকে বল নিয়ে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে।”

আগামী রোববার লা লিগায় রেসিং সান্তান্দারের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।