০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

দলের উন্নতিতে নিজের কৃতিত্ব দেখেন না রেয়াল কোচ

ভালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর খেলোয়াড়দের প্রশংসা করেছেন জুজে মরিনিয়ো।

দলের উন্নতিতে নিজের কৃতিত্ব দেখেন না রেয়াল কোচ

রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 03:57 PM

Updated : 08 Nov 2026, 03:57 PM

মৌসুমের শুরুর দিকের অধারাবাহিকতা কাটিয়ে এখন দারুণ ছন্দে ছুটছে রেয়াল মাদ্রিদ। ভালেন্সিয়ার মাঠ থেকে আরেকটি বড় জয় নিয়ে ফেরায় ভীষণ খুশি জুজে মরিনিয়ো। এমন পারফরম্যান্সের পেছনে নিজের নয়, খেলোয়াড়দেরই বড় অবদান দেখেন স্পেনের সফলতম ক্লাবটির কোচ।

মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগায় ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতল তারা।

লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনাকে পয়েন্টের হিসাবে ছুঁয়ে ফেলেছে রেয়াল। লিগে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার জয় ১০টি, হার একটি।

মেত্রোপলিতানোয় রোববার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ জুড়েই আধিপত্য করে রেয়াল। প্রায় ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় তারা। যার মধ্যে ১১টি লক্ষ্যে রাখতে পারে দলটি।

স্বাগতিকদের আক্রমণের খুব বেশি সুযোগই দেয়নি রেয়াল মাদ্রিদ। গোলের উদ্দেশ্যে কেবল চারটি শট নিতে পারে ভালেন্সিয়া, লক্ষ্যে রাখতে পারে দুটি।

ম্যাচ শেষে দলের এমন পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের প্রশংসায় ভাসান মরিনিয়ো। সব বিভাগেই দলের উন্নতি চোখে পড়েছে তার।

“কৃতিত্ব তাদের, খেলোয়াড়দের। তাদের এমন পারফরম্যান্সের পেছনে আমার কাজের কোনো নির্দিষ্ট বিষয়কে মূল কারণ হিসেবে চিহ্নিত করতে পারব না। আমি বরাবরের মতো নিজের কাজ করে যাচ্ছি, আর তারা ব্যক্তিগতভাবে ও দল হিসেবে দারুণ সাড়া দিচ্ছে। তাদের উন্নতি হয়েছে অনেক।”

“তবে আজ আমরা এত বেশি সময় বল দখলে রেখেছিলাম যে রক্ষণে খুব বেশি কাজ করতে হয়নি। এটাও সাহায্য করেছে। তবে বল হারানোর পর প্রতিবারই আমরা দারুণভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি, সেটাও উল্লেখ করার মতো।”

আন্তর্জাতিক বিরতির আগে এটি ছিল রেয়ালের শেষ ম্যাচ। আগামী ২১ নভেম্বর সেল্‌তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় মাঠে ফিরবে তারা।