২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাভির যে কথা শুনে বিস্মিত আনচেলত্তি

অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও বার্সেলোনা কোচ হিসেবে শাভি এর্নান্দেসের পথচলা নিয়ে খুশি রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 09:29 PM

Updated : 13 Jan 2024, 10:05 PM

দুটি দলের ‘ডিএনএ’তে জয়ের তীব্র ক্ষুধা, কিন্তু স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস যেন তা আড়াল করে রাখতে ব্যস্ত! সংবাদ সম্মেলনে শাভির বলা ‘জয়কে অগ্রাধিকার না দেওয়ার কথা’ শুনে বিস্মিত হলেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও। 

সৌদি আরবের রিয়াদে কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

এই মহারণের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়, ‘শাভি বলেছেন, জয়কে প্রাধান্য দেন না তিনি….।’ প্রশ্ন শেষ হওয়ার আগেই বিস্ময়ের সুরে উত্তর দেন আনচেলত্তি। 

“আমি বিস্মিত যে, শাভি এই কথা বলেছে। আমি যতটা জিততে চাই, সেও ততটাই চায়। সে জানে এটা বরাবরের মতোই খুবই আটসাঁট ম্যাচ হবে।” 

আনচেলত্তির সংবাদ সম্মেলনে অনেকটা অংশ জুড়েই থাকলেন শাভি। বার্সেলোনা কোচ ১-০ গোলে ফাইনাল জিততে চাওয়ার কথা বলেছেন…আপনি কিসে সন্তুষ্ট হবেন?- এই প্রশ্নের উত্তরে অবশ্য আনচেলত্তির কণ্ঠে ফুটে উঠল রেয়ালের ক্ষুধা। 

“যদি আমরা বার্সেলোনার চেয়ে ভালো খেলতে পারি, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা জিতব। কিন্তু আগামীকাল ফাইনাল এবং আমি জিততে মরিয়া। এমনকি, যদি জয়টা আমাদের খুব বেশি প্রাপ্য নাও হয়, তবু জিততে চাই।” 

কোচিং ক্যারিয়ার কিংবা সাফল্য-সব দিক থেকে শাভির চেয়ে যোজন যোজন এগিয়ে আনচেলত্তি। তবে অভিজ্ঞতায় পিছিয়ে থাকা বার্সেলোনা কোচের কাজ নিয়ে খুশি রেয়াল কোচ। 

“সে খুব ভালো কাজ করছে, কিন্তু এটা সত্যি যে, আমার মতো অভিজ্ঞতা তার নেই। আমার চেয়ে কম সময় সে কোচের দায়িত্বে আছে। তার ক্যারিয়ার ভালো ছিল এবং বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হওয়াটা তাকে সাহায্য করছে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

‘ক্লাসিকোয় ফেভারিট নয় কেউ’, মনে করেন আনচেলত্তি
রেয়ালের প্রতিশোধ নাকি বার্সার টানা দুই?
শাভির চোখে আনচেলত্তি ‘ইতিহাসের সেরা কোচদের একজন’
‘ক্ষুধার্ত রেয়াল ভালো ফর্মে আছে, কিন্তু আমরাও শক্তিশালী’