১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভিনিসিউসকে নিয়ে প্রশ্নে ফ্লিক, ‘দুই সপ্তাহ পর আবার জিজ্ঞেস করতে পারেন’

বার্সেলোনা কোচ আবারও স্পষ্ট করে বললেন, রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ ছাড়া তাদের নিয়ে কথা বলতে চান না তিনি।

ভিনিসিউসকে নিয়ে প্রশ্নে ফ্লিক, ‘দুই সপ্তাহ পর আবার জিজ্ঞেস করতে পারেন’

ভিনিসিউস জুনিয়র ও হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 11:36 PM

Updated : 12 Oct 2026, 11:36 PM

চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচের আগে হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনের শুরুর দিকেই প্রশ্ন করা হলো রেয়াল মাদ্রিদকে নিয়ে। বার্সেলোনা কোচ আবারও স্পষ্ট করে বললেন, মাদ্রিদের দলটির বিপক্ষে ম্যাচ ছাড়া তাদের নিয়ে কথা বলতে চান না তিনি।

বরাবরের মতো লা লিগায় রেফারিং নিয়ে আবারও আলোচনায় রেয়াল মাদ্রিদ। গত শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন দলটির ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন দলটির কোচ জুজে মরিনিয়ো। সেই ক্ষোভ থেকেই কি না, পরে সংবাদ সম্মেলনেও আসেননি তিনি।

রেয়াল মাদ্রিদের পক্ষ থেকে রেফারিং নিয়ে সমালোচনার বিষয়ে ফ্লিকের মতামত জানতে চাওয়া হয় সোমবারের সংবাদ সম্মেলনে। এ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এই জার্মান কোচ।

“আশা করি, কোনো একদিন আপনারা বুঝতে পারবেন যে, অন্য দলগুলোকে নিয়ে করা প্রশ্নের উত্তর আমি কখনোই দিই না। আমরা গালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে যাচ্ছি। আসুন, গালাতাসারাইকে সম্মান করি।”

প্রতিপক্ষের চুল টানার ঘটনায় ভিনিসিউস একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর। সেক্ষেত্রে আগামী ২৫ অক্টোবর ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে নাও খেলা হতে পারে তার।

ওই প্রসঙ্গ টেনে ফ্লিককে সরাসরি প্রশ্ন করা হয় যে, তিনি চান কি না ভিনিসিউস খেলুক। এবারও যথারীতি নির্লিপ্ত বার্সেলোনা কোচ, “দুই সপ্তাহ পর আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন।”