লোপেসকে মরিনিয়োর জবাব, ‘আমরা তো অনেক কিছুতেই বিরক্ত’
‘রেফারিদের নিয়ে রেয়াল মাদ্রিদের অভিযোগগুলো এখন বিরক্তিকর হয়ে উঠছে’, বলেছিলেন বার্সেলোনার ফুটবলার।
মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে সংবাদ সম্মেলনে বেশ আগ্রাসী মেজাজে দেখা গেল রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়োকে। দলটিকে নিয়ে বার্সেলোনার ফের্মিন লোপেসের মন্তব্যের জবাবও দিলেন তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে।
লা লিগায় অনেক দিন ধরেই রেফারিং নিয়ে প্রশ্ন তুলে আসছে রেয়াল। সাম্প্রতিক সময়ে তা যেন নতুন মাত্রা পেয়েছে।
এ প্রসঙ্গেই কদিন আগে লোপেস বলেছিলেন, “রেফারিদের নিয়ে রেয়াল মাদ্রিদের অভিযোগগুলো এখন বিরক্তিকর হয়ে উঠছে। এই ম্যাচ (ক্লাসিকো) যে কোনো দিকে মোড় নিতে পারে, আর আমরা বার্সায় কেবল নিজেদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি।
বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডারের ওই মন্তব্য নিয়ে শনিবারের সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় মরিনিয়োকে।
“আমি আর কী বলব? আমরা তো অন্য অনেক কিছুতেই বিরক্ত হয়ে উঠি, তবুও সেগুলো ঘটেই চলেছে...।”
কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল। মৌসুমের প্রথম ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এই মহারণ পরিচালনার দায়িত্ব পেয়েছেন হুয়ান মার্তিনেস মুনুয়েরা। এই রেফারি স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার ছেলেকে অর্থ প্রদানের বিতর্কটির সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ রয়েছে। এটি নিয়েও প্রশ্ন করা হয় মরিনিয়োকে।
“বিষয়টি আমার কাছে কিছুটা আশ্চর্যজনক... রেফারি কে, তা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। আমি সবসময় ধরে নিই যে, রেফারি ভালোই হবেন। আমার উদ্বেগের জায়গা হলো-নিয়ম ভাঙা হচ্ছে, অথচ অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বিষয়টি এখনও পরিষ্কার নয়।
“তিন সপ্তাহ আগে একটি নাম সামনে আসে, এখন আরেকটি এলো- কিন্তু ক্লাবের ভেতর থেকে কেউ আমাকে নিশ্চিত করেনি যে, ‘এই রেফারিই ম্যাচ পরিচালনার জন্য চূড়ান্ত।’”
