এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি
“আমরা ভবিষ্যতে রেগুলেটরি কমিশনের সামনে সিলিন্ডার হাতে প্রতিবাদ করব,” বলেন এনসিপির এই নেতা।
২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ের নিচে হওয়া এ সংবাদ সম্মেলনে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এ তালিকায় জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারও আছেন।
দেশের মানুষের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘আপনারা সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ করুন।’’
মানুষ যেন প্রতিবাদ জানাতে না পারে, এজন্য বিএনপি সরকার রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায় বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন।
তিনি বলেন, ‘‘এটা রাতের সরকার, শেখ হাসিনার সময় যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিত, এখন তারেক রহমানও শেখ হাসিনার পথ দেখানো অনুযায়ী রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়।
“আমরা ভবিষ্যতে রেগুলেটরি কমিশনের সামনে সিলিন্ডার হাতে প্রতিবাদ করব।”
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আহ্বান জানান নাসীরুদ্দীন।
তিনি আরো বলেন, ‘‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার, সে কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে দামটা বাড়াইছে।
“আমরা কোম্পানিগুলার নাম না বলি, তা আমরা এগুলা নিয়ে ভবিষ্যতে ইনশআল্লাহ রেগুলেটরি যে কমিশন আছে, তাদের সামনে হলো খালি গ্যাসের বোতল নিয়ে কর্মসূচি পালন করব।”
