১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হেরে শ্রীলঙ্কা কোচের রুদ্রমূর্তি, মেলে ধরলেন অভিযোগের ডালি

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনকে ধুয়ে দিয়েছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ।

হেরে শ্রীলঙ্কা কোচের রুদ্রমূর্তি, মেলে ধরলেন অভিযোগের ডালি

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ছবি: মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 11:36 PM

Updated : 11 Nov 2026, 11:41 PM

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার পর, সংবাদ সম্মেলনে রুদ্রমূর্তিতে হাজির হলেন আব্দুল্লাহ আল মুতাইরি। শ্রীলঙ্কার কোচ ধুয়ে দিলেন সাফ কর্তৃপক্ষকে। বিগত আসরের নানা উদাহরণ আর এবার মধ্যরাতে ‘নোটিশ’ পাওয়াসহ নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন তিনি।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে হারে শ্রীলঙ্কা।

ভুটানের বিপক্ষে ২-২ ড্র দিয়ে আসর শুরু করে তারা। ভুটানের সমান পয়েন্ট হলেও, গোল পার্থক্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এরপর সংবাদ সম্মেলনে শুরুতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে একের পর এক অভিযোগের তির তিনি ছুঁড়তে লাগলেন সাফ কর্তৃপক্ষের দিকে।

“আজকের দিনটা আমাদের ছিল না। বাংলাদেশকে অভিনন্দন, অভিনন্দন ভুটান, ভারত ও মালদ্বীপকেও। এবার চলুন উপভোগ করা যাক। সাফের লিগ্যাল ডিপার্টমেন্টের (তানজিম আহমেদ খান) প্রধানকেও অভিনন্দন। উনি মধ্যরাতে আমাকে বার্তা পাঠিয়েছেন যে আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন।

“এখন আমি একটা প্রশ্ন করতে চাই। ২০২৩ সাফের ভারত-পাকিস্তান ম্যাচের কথা কি আপনাদের মনে আছে, কী ঘটেছিল? ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করেছিলেন, তাই না? আপনারা জানেন সাফ তখন কী বলেছিল? ‘না, না, উনি আগে বিশ্বকাপ খেলেছেন, সমস্যা নেই।’ কোনো সমস্যা নেই!

“কিন্তু আমার সামান্য কিছু শব্দের কারণে উনি আমাকে মধ্যরাতে ই-মেইল পাঠালেন। এই হলো সেই ইমেইল (ফোন বের করে মেইল দেখিয়ে)। মধ্যরাত। কেন মধ্যরাতে? কেন? আমার মনে হয় ২০২১ সাফের মতোই একই ঘটনা।”

ভুটান ম্যাচের পরও ভীষণ ক্ষুব্ধ ছিলেন মুতাইরি। সেদিন রেফারিং নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সাফ যদি চায়, বাংলাদেশ ও ভারতকে ফাইনাল দিয়ে দিক, আমাদের বাড়ি পাঠিয়ে দিক। আমাদের সময় নষ্ট না করুক।“

মূলত তার ওই মন্তব্যের কারণেই নোটিশ পেযেছেন মুতাইরি।

ইউরোপিয়ান কোচ হলে সাফ কর্তৃপক্ষ আলাদা দৃষ্টিতে দেখত, এমন বিস্ফোরক দাবিও করেন এই কুয়েতি কোচ। এই দাবির পক্ষেও তিনি অতীত উদাহরণ টানেন।

“তারা ওনাকে (ভারতের সাবেক কোচ ইগর স্তিমাচ) শাস্তি দিতে চাননি। কোনো সমস্যা নেই। উনি ইউরোপিয়ান (ছিলেন), ভারতের কোচ। ওনাকে কে আটকাবে? সুতরাং কোনো সমস্যা নেই। তৃতীয় ম্যাচে উনি কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে মারামারি করলেন। আপনারা জানেন সাফ কী করেছিল? হ্যাঁ, মাত্র ৫০০ ডলার জরিমানা। সত্যি বলছি। অথচ আপনারা আমাকে বার্তা পাঠাচ্ছেন যে আমাকে ৬ মাস বা ১ বছরের জন্য নিষিদ্ধ করবেন! কেন? ম্যাচের আগের মধ্যরাতে কেন? কেন?

“তানজিম সাহেবকে আমি শেষ একটা প্রশ্ন করতে চাই। আমি যদি কোনো ইউরোপীয় হতাম, কিংবা আমেরিকা, রাশিয়া বা ভেটো ক্ষমতা সম্পন্ন কোনো দেশের হতাম, তবে কি উনি আমার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারতেন? উনি কি আমাকে আটকাতে পারতেন? কারণ নিজের চোখে আমি দেখেছি ইউরোপিয়ান কোচ একজন খেলোয়াড়কে আঘাত করার পর উনি বলছেন, "না, না, উনি বিশ্বকাপ খেলেছেন, কোনো সমস্যা নেই।" বিশ্বকাপ খেলেছেন! কোনো কৈফিয়ত নেই।”