১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির মধ্যে ‘মারাদোনার প্রতিচ্ছবি’ দেখেন পাকিস্তান কোচ

পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে কথা বলতে এসে কিংবদন্তি দিয়েগো মারাদোনার সঙ্গে খেলার সময়ের সুখস্মৃতিও আওড়ালেন ভারত কোচ নোলবের্তো সোলানো।

মেসির মধ্যে ‘মারাদোনার প্রতিচ্ছবি’ দেখেন পাকিস্তান কোচ

কোচিং স্টাফদের সঙ্গে পাকিস্তান কোচ নোলবের্তো সোলানো (বাঁয়ে)। ছবি: পাকিস্তান ফুটবল ফেডারেশন ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:54 PM

Updated : 16 Nov 2026, 07:54 PM

উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সংবাদ সম্মেলনের আলোচনায় থাকলেন দিয়েগো মারাদোনাও! সত্যিই তাই। পাকিস্তানের কোচ নোলবের্তো সোলানো যে একসময় বোকা জুনিয়র্সে ছিলেন মারাদোনার সতীর্থ। ভারতের বিপক্ষে ফাইনালের লক্ষ্য নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে এসে পেরুর এই সাবেক মিডফিল্ডার ফিরে গেলেন খেলোয়াড়ী সময়ে। পুরনো দিনের স্মৃতিচারণ করলেন তৃপ্ত কণ্ঠে।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সোলানোর হাত ধরেই প্রথমবারের মতো তারা উঠেছে সাফের ফাইনালে। সোমবার সংবাদ সম্মেলনে মারাদোনার প্রসঙ্গ উঠতেই সোলানো হাসি মুখে দিলেন চায়ের আমন্ত্রণ।

“বন্ধু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার সঙ্গে একদিন কফি খেতে আসুন। তখন আরও অনেক সময় নিয়ে গল্প করা যাবে। এখানে এখন অনেক মানুষ অপেক্ষা করছেন।”

এরপরই সোলানো খুলে দিলেন মনের আগল। বোকা জুনিয়র্সে (১৯৯৭-৯৮) কাটানো সময়ে মারাদোনার সঙ্গে খেলার স্মৃতি আওড়াতে থাকলেন। শৈশব-কৈশরের স্বপ্ন দেখা সময়ে ফিরে তাকালেন ৫১ বছর বয়সি এই কোচ।

“তবে, একটি কথা বলতে পারি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। প্রতিটি তরুণের মতো আমারও স্বপ্ন ছিল। হয়তো আবদুল্লাহর স্বপ্ন ছিল লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে খেলার। আমিও ছোটবেলায় ঠিক তেমনই ছিলাম। আমি যখন ফুটবল খেলা শুরু করি, তখন কখনো কল্পনাও করিনি যে জীবনে এমন কিছু ঘটবে।

“আমার বয়স যখন ১৫ বছর, তখন আমার একমাত্র স্বপ্ন ছিল, একদিন পেরুর জাতীয় দলের হয়ে খেলব। আর মাঠে যদি কখনো মারাদোনাকে দেখি, তাহলে অন্তত তার সঙ্গে হাত মেলাতে পারব। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি বোকা জুনিয়র্সে সতীর্থ হিসেবে তাকে পেয়েছিলাম। তিনি ছিলেন অসাধারণ একজন ফুটবলার।”

শ্রেষ্ঠত্বের প্রশ্নে মারাদোনার সঙ্গে মেসির তুলনা হয় প্রায়ই। পাকিস্তান কোচ সেই পথে হাঁটলেন না। মারাদোনার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা নিয়ে বলতে গিয়ে, অন্যরকম এক উদাহরণও টানলেন সোলানো।

“আমার মনে হয়, আজ মেসির মধ্যে আমরা যা দেখি, সেটি অনেকটা ম্যারাডোনারই প্রতিচ্ছবি।

“আমার বিশ্বাস, মারাদোনার ভক্ত পৃথিবীর সবখানে রয়েছে। এমনকি মঙ্গল গ্রহে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে, সেখানেও হয়তো তার ভক্ত পাওয়া যাবে! পুরো বিশ্বেই তার সমর্থক রয়েছে।”