সমতায় শেষ চেলসি-লিভারপুলের রোমাঞ্চকর লড়াই
দুই দলের মুখোমুখি টানা চার ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে গোলের দেখা মিলল।
আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জমজমাট। লিভারপুল শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ম্যাচে ফিরল চেলসি। ভিএআরে বাতিলও হয়ে গেল দুটি ‘গোল।’ বিরতির পর অবশ্য খেলার গতি কমে গেল কিছুটা। রোমাঞ্চকর লড়াই শেষ হলো সমতায়।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিভারপুলকে এগিয়ে নেন লুইস দিয়াস, পরে সমতা টানেন আক্সেল দিসাসি।
দল দুটির মুখোমুখি টানা চার ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে গোল মিলল, তবে জয়ের দেখা মিলল না এবারও।
গত মৌসুমে ১২ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি, ১৯৯৪ সালের পর লিগে যা তাদের সবচেয়ে খারাপ অবস্থান। নতুন মৌসুম সামনে রেখে কোচের দায়িত্ব দেওয়া হয় মাওরিসিও পচেত্তিনোকে। আর্জেন্টাইন কোচের হাত ধরে শুরুটা মন্দ হলো না।
গতবার পাঁচে থেকে লিগ শেষ করা লিভারপুল দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারত। বক্সের বাইরে থেকে মোহামেদ সালাহর ডান পায়ের শট ক্রসবারে লাগে।
গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি সফরকারীদের। অষ্টাদশ মিনিটে দলকে এগিয়ে নেন দিয়াস। মাঝমাঠ থেকে অভিষিক্ত আলেক্সিস মাক আলিস্তের বল বাড়ান ডান দিকে সালাহকে। খানিকটা এগিয়ে তিনি পাস দেন বক্সে, ছুটে গিয়ে স্লাইডে বল জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড।
৩১তম মিনিটে চেলসির জালে বল জালে পাঠান সালাহ, তবে ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি।
ছয় মিনিট পরই সমতায় ফেরে চেলসি। একটি কর্নারের পর দুবার বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় লিভারপুলের ডিফেন্ডাররা। বক্সের বাইরে থেকে বেন চিলওয়েলের হেডে ছয় গজ বক্সের মুখে স্লাইডে গোলটি করেন অভিষিক্ত ফরাসি ডিফেন্ডার দিসাসি।
পরের মিনিটে আবারও লিভারপুলের জালে বল, আবারও দৃশ্যপটে হাজির ভিএআর। আক্রমণের শুরুতে চিলওয়েল অফসাইডের থাকায় স্কোরলাইনও রয়ে যায় ১-১।
৫৫তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পায় চেলসি। এনসো ফের্নান্দেসের পাস বক্সে পান চিলওয়েল। এই ইংলিশ ডিফেন্ডারের কোণাকুণি শট ঠেকিয়ে দেন আলিসন। ৭১তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়া নিকোলাস জ্যাকসনের প্রচেষ্টাও এগিয়ে এসে রুখে দেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে একের পর এক খেলোয়াড় পরিবর্তন করে দুই দল। সালাহকে তুলে নেওয়ার সময় তো আচরণে অসন্তুষ্টিও প্রকাশ করেন মিশরীয় ফরোয়ার্ড।
যোগ করা সময়ে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ৬৬তম মিনিটে বদলি নামা দারউইন নুনেস। উরুগুয়ের এই ফরোয়ার্ডের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
