২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো আছেন’ লেভানদোভস্কি, ক্লাসিকোয় খেলার সিদ্ধান্ত ম্যাচের দিন

শতভাগ ফিট থাকলে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন পোলিশ স্ট্রাইকার, বলেছেন বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।

‘ভালো আছেন’ লেভানদোভস্কি, ক্লাসিকোয় খেলার সিদ্ধান্ত ম্যাচের দিন

বার্সেলোনার স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 10:15 PM

Updated : 27 Oct 2023, 10:15 PM

মৌসুমের প্রথম ক্লাসিকোর আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন রবের্ত লেভানদোভস্কি। পোলিশ স্ট্রাইকার ভালো অবস্থায় আছেন বলে জানিয়েছেন শাভি এর্নান্দেস। তবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি খেলবেন কি-না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি বার্সেলোনা কোচ। 

গত ৪ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান লেভানদোভস্কি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে তখন বলা হয়েছিল, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে ক্লাসিকোয় তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

লা লিগায় শনিবার ঘরের মাঠে রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। লেভানদোভস্কির সঙ্গে চোটে বাইরে থাকা পেদ্রি, ফ্রেংকি ডি ইয়ং, জুল কুন্দে, রাফিনিয়াও ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। 

এ দিন সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী লেভানদোভস্কির বর্তমান অবস্থা তুলে ধরেন শাভি। 

"সে ভালো আছে, সে ভালো অনুভব করছে, ম্যাচের লাইনআপ নিয়ে আমি কিছু বলব না বা কোনো ইঙ্গিত দেব না, তবে সে ভালো আছে এবং আগামীকাল সিদ্ধান্ত নেব।” 

লেভানদোভস্কি ও ডি ইয়ং দুজনই রেয়ালের বিপক্ষে খেলতে চায় কি-না, এমন প্রশ্নে শাভির উত্তর, “তারা শতভাগ ফিট হলে তাদের খেলতে কোনো সমস্যা নেই।” 

“প্রত্যেকেই ভালো অনুভব করছে এবং খেলতে চায়। তবে স্টাফ এবং চিকিৎসক দল কাউকে জোর করতে চায় না... আমরা তাদের দেখব, আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব।” 

১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রেয়াল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা।