২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হৃদয়ের চোট কতটা গুরুতর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 06:52 PM

Updated : 28 Oct 2026, 06:52 PM

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের উইকেট পড়েছে তিনটি। তবে ড্রেসিং রুমে ফিরে গেছেন চার ব্যাটসম্যান। তবে তাওহিদ হৃদয় আউট হননি। পায়ের পেশির টানে স্ট্রেচারে করে মাঠে ছেড়েছেন তিনি। শঙ্কার একটি ছায়া তাই ছিল তাকে ঘিরে। যদিও দিন শেষে ভারপ্রাপ্ত ব্যাটিং মোহাম্মদ সালাহ উদ্দীন জানালেন, এই ব্যাটসম্যানকে নিয়ে শঙ্কার কিছু নেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোট সমস্যা পিছু ছাড়ছে না বাংলাদেশের। ম্যাচের আগের দিন অস্বস্তি ছিল লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমকে ঘিরে। খেলা শুরুর পর সমস্যায় পড়েন হৃদয়।

আগের দিন নেট সেশনে পাওয়া আঙুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিক। অভিজ্ঞ ব্যাটসম্যানের অনুপস্থিতিতে তিন টেস্ট পর আবার একাদশে ফিরেছেন হৃদয়। ফেরার ম্যাচেই পায়ের পেশির টানে ছেদ পড়েছে তার ব্যাটিংয়ে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ৩৬তম ওভারে ক্রিজে যান হৃদয়। ক্যারিবিয়ান বোলারদের সামলে শুরু থেকেই চমৎকার ব্যাটিং করেন ২৬ ছুঁইছুঁই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

সাদমান ইসলামের সঙ্গে হৃদয়ের জুটিতে দ্বিতীয় সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ। দুজনের দারুণ ব্যাটিংয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় স্বাগতিকরা। তবে চা বিরতির পর আর বেশিক্ষণ ছিল না স্বস্তি।

শেষ সেশনের শুরুতেই এক দফায় পায়ের পেশিতে টান অনুভব করেন হৃদয়। প্রাথমিক শুশ্রূষা নিয়ে উঠে দাঁড়িয়ে আরও চার ওভার খেলেন তিনি। এর মাঝেও অবশ্য নন স্ট্রাইক প্রান্তে থাকা অবস্থায় তার চোখেমুখে দেখা যায় অস্বস্তি।

পরে ৬৬তম ওভারে রস্টন চেইসের বলে স্কয়ার কাট করে রান নিয়ে অন্য প্রান্তে পৌঁছেই আবার টান অনুভব করেন বাম পায়ের হাঁটুর নিচের পেশিতে। এবার আর শুশ্রূষা নিয়েও দাঁড়াতে পারেননি। তাই মাঠে আনা হয় স্ট্রেচার। তাতে করে বাইরে নেওয়া হয় হৃদয়কে।

ফেরার ইনিংসে ৪২ রানে থামে হৃদয়ের প্রাথমিক যাত্রা। ৮৮ রানে ছেদ পড়ে চতুর্থ উইকেট জুটির।

দিন শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে হৃদয়ের প্রসঙ্গ। ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ জানালেন, গুরুতর সমস্যা হয়নি এই ব্যাটসম্যানের।

“হৃদয়ের ক্র্যাম্প করছিল। আমার মনে হয়, আধ ঘণ্টা বা এক ঘণ্টা মতো সময়ে ও সুস্থ হয়ে যাবে। আমার ধারণা, কালকে (বৃহস্পতিবার) সে পুরোপুরি আবার পুরো ব্যাটিং করতে পারবে।”