স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়
মিরপুর টেস্টের চা বিরতির পর বারবার অস্বস্তিতে ভুগছিলেন তাওহিদ হৃদয়, শেষ পর্যন্ত স্ট্রেচারে করে বাইরে নেওয়া হলো তাকে।
মুশফিকুর রহিমের চোটে মিলল একাদশে ফেরার সুযোগ। ব্যাটিংয়ে শুরুটাও করলেন আশা জাগানিয়া। কিন্তু ফিফটির আশা জাগিয়ে পরে আর চালিয়ে নিতে পারলেন না তাওহিদ হৃদয়। পায়ের পেশির টানে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যেতে হলো মিডল-অর্ডার ব্যাটসম্যানকে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর জুটি বাধেন সাদমান ইসলাম ও হৃদয়। দুজনের ব্যাটে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পরে শেষ সেশনের শুরুতেই আসে হৃদয়ের চোটের ধাক্কা।
চা বিরতির পর পঞ্চম ওভারে দ্রুত দুটি রান নিতে গিয়ে প্রথমবার বাম পায়ের পেশিতে টান অনুভব করেন হৃদয়। সঙ্গে সঙ্গে পিচের পাশেই শুয়ে পড়েন তিনি। লম্বা সময় নিয়ে চলে তার শুশ্রূষা। পরে উঠে দাঁড়িয়ে আবার শুরু করেন ব্যাটিং।
কয়েক ওভার পর নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবার অস্বস্তি দেখা যায় হৃদয়ের চোখে-মুখে। পরে ৬৬তম ওভারে রস্টন চেইসের বলে স্কয়ার কাট করে সিঙ্গেল নিতে আবারও তীব্র যন্ত্রণা অনুভব করেন ২৬ ছুঁইছুঁই ব্যাটসম্যান।
আবারও তড়িঘড়ি করে ছুটে আসেন ফিজিও বায়েজিদুল ইসলাম। পিচের পাশে শুইয়ে হৃদয়ের পায়ের অবস্থা পর্যবেক্ষণ ও প্রাথমিক শুশ্রূষা দেওয়া হয়। তবে এবার তেমন সুবিধা করা যায়নি। উঠে দাঁড়ানো সম্ভব হয়নি হৃদয়ের পক্ষে।
তাই মাঠের বাইরে থেকে আনা হয় স্ট্রেচার। সেটিতে করেই মাঠের বাইরে নেওয়া হয় হৃদয়কে। আহত হয়ে ফেরার আগে ৩ চারে ৮২ বলে ৪২ রান করেন হৃদয়। ছেদ পড়ে সাদমানের সঙ্গে গড়া ৮৮ রানের জুটিতে।
