২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লপের কাছে জটা ‘বিশেষ গুরুত্বপূর্ণ’

দিয়োগো জটা ফেরায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে লিভারপুল আরও উজ্জীবিত থাকবে বলে মনে করেন দলটির কোচ।

ক্লপের কাছে জটা ‘বিশেষ গুরুত্বপূর্ণ’

কোচ ইয়ুর্গেন ক্লপের চোখে, দিয়োগো জটা দারুণ স্মার্ট ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 06:34 PM

Updated : 29 Dec 2023, 07:17 PM

চোট কাটিয়ে বার্নলি ম্যাচে ফিরেই গোল করেছেন দিয়োগো জটা। মৌসুমের দ্বিতীয়ভাগ শুরুর ক্ষণে লিভারপুলের জন্য এই পর্তুগিজ ফরোয়ার্ডের ফেরাটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মানছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।

ইংলিশ প্রিমিয়ার লিগে পরের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। লিগ টেবিলে এ মুহূর্তে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যানফিল্ডের দলটি। ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে নিউক্যাসল।

ঘরের মাঠে আগামী সোমবার নিউক্যাসলের মুখোমুখি হবে লিভারপুল।

শীর্ষস্থান ধরে রাখা, ২০১৯-২০ মৌসুমের পর লিগের মুকুট ফিরে পাওয়ার মিশনে থাকা লিভারপুলের জন্য নিউক্যাসল ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। জটা ফেরায় এই ম্যাচে দল আরও বেশি উজ্জীবিত থাকবে বলেও মনে করেন ক্লপ।

পেশির চোটে আট ম্যাচ খেলা হয়নি জটার। গত মঙ্গলবার বার্নলির বিপক্ষে লিভারপুলের ২-০ গোলে জেতা ম্যাচেও শুরুতে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ছিলেন বেঞ্চে। শেষ দিকে বদলি নেমে নির্ধারিত সময়ের শেষ মিনিটে তিনি পান জালের দেখা।

আক্রমণভাগে জটার ফেরাটা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ ক্লপের কাছে। আফ্রিকান নেশন্স কাপের জন্য মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহকে সামনে বেশ কিছুদিন পাবেন না তিনি। তাই জটার ফেরা নিয়ে স্বস্তি ফুটে উঠল লিভারপুল কোচের কণ্ঠে।

“প্রতিটি ছেলেই দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ, কিন্তু দিয়োগো বিশেষ…। সে ভীষণ স্মার্ট ফুটবলার। সে খেলাটি খুব ভালো বোঝে। পরিস্থিতি কিছুটা আগেই অনুধাবন করতে পারে, প্রতিপক্ষ ভিন্ন কী করছে, তার সঙ্গে মানিয়ে নিতে পারে। সবচেয়ে বড় কথা, সে দুই পায়েই খেলতে পারে, দারুণ ফিনিশার।”