২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল

হ্যারি কেইনের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েও জিততে পারল না বায়ার্ন মিউনিখ।

জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল

নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে গোল করে আর্সেনালের হার এড়ান ডেক্লান রাইস (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 03:01 AM

Updated : 22 Oct 2026, 03:28 AM

ঘরের মাঠে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বায়ার্ন মিউনিখ। গোল করিয়ে ও করে জয়ের আশা জাগালেন হ্যারি কেইন। তবে শেষ দিকের গোলে মূল্যবান পয়েন্ট তুলে নিল আর্সেনাল।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে।

এবেরেচি এজের গোলে পিছিয়ে পড়া বায়ার্নকে প্রথমার্ধেই সমতায় ফেরান আলফুঁস ডেভিস। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে আর্সেনালের দ্বিতীয় গোলটি করেন ডেক্লান রাইস।

ইউরোপ সেরার মঞ্চে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বায়ার্ন। বোদো/গ্লিম্টকে ৫-০ গোলে উড়িয়ে অভিযান শুরুর পর, গত সপ্তাহে তারা শক্তিতে অনেক পিছিয়ে থাকা নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। এরপর ঘরোয়া লিগে লাইপজিগকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিলেও, ইউরোপে জয়ের পথে ফিরতে পারল না জার্মান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, আর্সেনাল প্রথম দুই ম্যাচে জয়ের পর এবার ড্র করল। স্টুটগার্টের সমান ৭ পয়েন্ট নিয়ে গোলের হিসাবে পিছিয়ে সাত নম্বরে আছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে বায়ার্ন। 

আরও চার দলের সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী পিএসজি।

আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে সমান। বল দখলে একটু পিছিয়ে থাকা বায়ার্ন গোলের জন্য ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি। আসেনালের ১৪ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

বায়ার্ন এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসেকে পায়নি, আর বাবার মৃত্যুর কারণে ছিলেন না জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার ইয়োজুয়া কিমিখ। তবে শঙ্কা কাটিয়ে মাঠে নামেন গোলরক্ষক মানুয়েল নয়ার।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় আর্সেনাল। দশম মিনিটে একটি শট নেওয়ার পর মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন বুকায়ো সাকা। পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন এই ইংলিশ ফরোয়ার্ড। বদলি নামেন আরেক ইংলিশ ফুটবলার এজে।

প্রথম ২০ মিনিটে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি কোনো দল। ২১তম মিনিটে প্রথম কোনো শট লক্ষ্যে থাকে, বক্সের ভেতর থেকে সের্গে জিনাব্রির শট আটকে দেন গোলরক্ষক দাভিদ রাইয়া।

২৫তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বল বাড়ান মার্টিন ওদেগোর, আর বক্সে ঢুকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন সাকার জায়গায় নামা এজে। শুরুতে অফসাইডের পতাকা উঠলেও, ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

জবাব দিতে অবশ্য খুব বেশি সময় লাগেনি বায়ার্নের। ৩৫তম মিনিটে সমতায় ফেরে তারা। মাঝমাঠ থেকে কেইনের চমৎকার পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে শটে জালে পাঠান ডেভিস।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই পাশে দুর্দান্ত দুটি সেভ করেন দুই গোলরক্ষক। ৪৮তম মিনিটে কাছ থেকে গাব্রিয়েল মাগালাইসের হেড গোললাইনে আটকে দেন নয়ার, বল ওপরে উঠে ক্রসবারে লাগার পর ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ৫০তম মিনিটে কাছ থেকে দাইয়ু উপামেকানোর হেড ঝাঁপিয়ে পড়ে এক হাতে গোললাইন থেকে ফেরান রাইয়া।

৫৪তম মিনিটে আরেকটি দারুণ সেভে এজের শট ব্যর্থ করে দেন নয়ার। তখনও স্কোরলাইন রয়ে যায় ১-১। তবে ৬১তম মিনিটে আর একইরকম থাকেনি। কেইনের সফল স্পট কিকে এগিয়ে যায় বায়ার্ন। তার শট বক্সে আর্সেনালের ইউরিয়েন টিম্বারের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে জালের দেখা পেলেন ইংলিশ তারকা, সব মিলিয়ে প্রতিযোগিতাটিতে ৭৩ ম্যাচে তার গোল হলো ৫৮টি।

এই মৌসুমে ক্লাব ও দেশ মিলিয়ে ১৫ ম্যাচে ১৬ গোল করলেন ৩৩ বছর বয়সি এই স্ট্রাইকার, সঙ্গে অ্যাসিস্ট আছে আটটি।

৭৭তম মিনিটে দিয়াসের শট ফিরিয়ে আর্সেনালকে লড়াইয়ে রাখেন স্প্যানিশ গোলরক্ষক রাইয়া।

৮২তম মিনিটে ২-২ সমতায় ফেরে সফরকারীরা। রাইস ডান দিকে বল বাড়ান ননি মাদুয়েকের উদ্দেশ্যে, যিনি দ্রুত খুঁজে নেন ভিক্তর ইয়োকেরেশকে। রাইস ছুটে গিয়ে ঢুকে পড়েন বক্সে, ইয়োকেরেশের পাস পেয়ে জোরাল শটে নয়ারকে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

লাইপজিগকে হারিয়ে রেয়াল মাদ্রিদের তিনে তিন