০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

এমবাপে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রেয়াল মাদ্রিদের জয়

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল জুজে মরিনিয়োর দল।

এমবাপে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রেয়াল মাদ্রিদের জয়

পেনাল্টি থেকে রেয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে কিলিয়ান এমবাপের উদযাপন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 11:18 PM

Updated : 01 Nov 2026, 11:29 PM

দাপুটে ফুটবলে প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ের মধ্যে রেসিং সান্তান্দারের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল রেয়াল মাদ্রিদ। বাকি সময়ে আর গোল না পেলেও, অনায়াসেই জিতল জুজে মরিনিয়োর দল।

প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্পেনের সফলতম দলটি।

পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম ও ইয়ান ডিওমান্ডে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল রেয়াল। লিগ টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধানও কমাল তারা।

১১ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রেয়াল। তাদের চেয়ে ১ বেশি নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ৩০ পয়েন্ট নিয়ে চূড়ায় শিরোপাধারী বার্সেলোনা।

ম্যাচে রেয়ালের দাপটের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। প্রায় ৫৪ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ২২ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। রেসিংয়ের ১০ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

ক্লাসিকোয় ২-১ গোলে জয়ের ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন এনে খেলতে নামে রেয়াল। সপ্তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা। একাদশে ফেরা ট্রেন্ট অ‍্যালেকজ‍্যান্ডার-আর্নল্ডের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি আর্দা গুল্যার।

নবম মিনিটে অ‍্যালেকজ‍্যান্ডার-আর্নল্ডের ক্রসে কাছ থেকে বেলিংহ্যামের হেড ব্যর্থ করে দেন রেসিং গোলরক্ষক। পরক্ষণেই স্বাগতিকদের এক ডিফেন্ডার বক্সে এমবাপেকে টেনে ধরলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা।

এবারের লা লিগায় ১১ ম্যাচে এমবাপের গোল হলো ১২টি। তার চেয়ে তিনটি গোল বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া।

ত্রয়োদশ মিনিটে রেয়ালের রক্ষণে ভীতি ছড়ায় রেসিং। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে ডিন হাউসেনের বাধা এড়িয়ে জোরাল শট নেন ইকের লুকে। তবে প্রস্তুত ছিলেন তিবো কোর্তোয়া, নিচু হয়ে পা বাড়িয়ে বলটি ঠেকান অসুস্থতায় ক্লাসিকোয় খেলতে না পারা গোলরক্ষক।

২১তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে রেয়াল। মাঝমাঠে এমবাপে বল বাড়ান গুল্যারের দিকে। তুর্কি মিডফিল্ডারের থ্রু বল ধরে বক্সের বাইরে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ভেতরে ঢুকে পড়েন বেলিংহ্যাম। পেছন থেকে প্রতিপক্ষের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেননি, জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার।

রেয়ালের জার্সিতে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বেলিংহ্যাম, ১৫৪ ম্যাচে।

এই মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে ২৩ বছর বয়সি এই ফুটবলারের চতুর্থ গোল এটি, সঙ্গে অ্যাসিস্টি আছে তিনটি।

তিন মিনিট পর ব্যবধান বাড়তে পারত আরও, কিন্তু ওয়ান-অন-ওয়ানে গুল্যারের দুর্বল শট সহজেই ঠেকান রেসিং গোলরক্ষক।

৩৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে স্কোরলাইন ৩-০ করেন ডিওমান্ডে। গুল্যারের কর্নারে বেলিংহ্যামের হেডের পর হেডে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি রেসিংয়ের এক ডিফেন্ডার। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির ভলিতে ঠিকানা খুঁজে নেন আইভরি কোস্টের উইঙ্গার।

এই মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফিতে রেয়ালে যোগ দিয়ে শুরুর কঠিন সময় পেরিয়ে এখন দারুণ ছন্দে আছেন ডিওমান্ডে। সবশেষ ছয় ম্যাচে তিনটি গোলে সহায়তা করার পাশাপাশি চারটি গোল করলেন ১৯ বছর বয়সি ফুটবলার।

দ্বিতীয়ার্ধে রেয়ালের খেলার গতি কিছুটা কমে গেলেও, ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন এমবাপে। কিন্তু তার শট পোস্টে লাগে। দুই মিনিট পর কাছ থেকে বেলিংহ্যামের প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক।

৭২তম মিনিটে রেয়ালের বক্সে মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির হাতে বল লাগলে পেনাল্টির জোরাল দাবি জানান রেসিংয়ের খেলোয়াড়রা। রেফারি হয়তো শুরুতে ঘটনাটি দেখেননি, চলতে থাকে খেলা, তবে লাইন্সম্যান বিষয়টি তাকে জানালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তখন আপত্তি জানাতে থাকেন রেয়ালের খেলোয়াড়রা। পরে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করে দেন রেফারি।

শেষ দিকে বেলিংহ্যাম জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলে মেলেনি।

ষষ্ঠ হারের পর ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে রেসিং।