২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

লাইপজিগকে হারিয়ে রেয়াল মাদ্রিদের তিনে তিন

টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় নামবে জুজে মরিনিয়োর দল।

লাইপজিগকে হারিয়ে রেয়াল মাদ্রিদের তিনে তিন

টানা তিন ম্যাচে চারটি করে গোল করে জিতল রেয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 03:03 AM

Updated : 22 Oct 2026, 03:27 AM

দারুণ দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে আবারও আধিপত্য করল রেয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে, লাইপজিগের জালেও চার গোলের উৎসব করল জুজে মরিনিয়োর দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা।

বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে তাদের বাকি তিনটি গোল করেন আর্দা গুল্যার, কিলিয়ান এমবাপে ও ইয়ান ডিওমান্ডে।

ইউরোপ সেরার মঞ্চে পূর্বে এই দুই দলের মোট চারবার দেখা হয়; রেয়ালের জয় দুটি, লাইপজিগের একটি, সবশেষ লড়াইটি ১-১ গোলে ড্র। জার্মান ক্লাবটির বিপক্ষে আবার জয়ের পথে ফিরল প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।

তিন রাউন্ডেই জিতে আরও চার দলের সমান ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রেয়াল মাদ্রিদ। পিএসজি আছে শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা দুইয়ে, লিভারপুল তিনে ও রেয়াল বেতিস পাঁচে আছে।

আর এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে ৩০ নম্বরে আছে লাইপজিগ।

বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণাত্মক শুরু করে রেয়াল। ষোড়শ মিনিটে ডি-বক্সে ডান দিক থেকে গোলমুখে দারুণ পাস বাড়ান আর্দা গুল্যার। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়, কাছাকাছি ভিনিসিউস ও এমবাপে থাকলেও প্রয়োজনীয় টোকাটা দিতে পারেননি কেউ।

রেয়াল চাপ ধরে রাখলেও, উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। উল্টো ২৮তম মিনিটে আচমকা গোল প্রায় পেয়েই যাচ্ছিল লাইপজিগ। পাল্টা আক্রমণে প্রতিপক্ষের পায়ে লেগে ডি-বক্সে বিপজ্জনক জায়গায় বল পেয়েই জোরাল শট নেন কার্দোসো, দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে সেটা আটকে দেন তিবো কোর্তোয়া।

ওই হুমকি থেকে বেঁচে গিয়ে প্রতি-আক্রমণ শাণায় রেয়াল। বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সে একজনকে কাটিয়ে জোরাল শট নেন ভিনিসিউস, ঝাঁপিয়ে সেটা ঠেকিয়ে দেন মার্টেন ভ্যানডাভোর্ট।

৪১তম মিনিটে আরেকটি দারুণ সেভ করে দলকে সমতায় রাখেন কোর্তোয়া। ওয়ান-অন-ওয়ানে ঠিক সময়ে এগিয়ে গিয়ে ক্রিস্তোফা এনকুনকুর শট রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক।

দুই মিনিট পরেই ম্যাচের ডেডলক খোলে, ভ্যানডাভোর্টের দুর্বলতায় এগিয়ে যায় রেয়াল। ফেদে ভালভের্দের কাটব্যাক পেয়ে জোরাল শট নেন গুল্যার, বেলজিয়ান গোলরক্ষক পা বাড়িয়ে সেটা ঠেকালেও তার পায়ের নিচ দিয়ে বল বেরিয়ে যায়, আর দ্রুত ছুটে গিয়ে টোকায় বল জালে ঠেলে দেন সিলভা।

ম্যানচেস্টার সিটিতে সফল অধ্যায় শেষ করে এবারের গ্রীষ্মে বের্নাবেউয়ে যোগ দেওয়া এই পর্তুগিজ মিডফিল্ডার রেয়ালের জার্সিতে গোলের খাতা খুললেন।

বিরতির পর খেলা পুনরায় শুরু হতেই প্রতিপক্ষের ডি-বক্সে ফের ভীতি ছড়ায় রেয়াল। ভালভের্দের জোরাল শটটি এবার ঠিকমতোই রুখে দেন ভ্যানডাভোর্ট।

খানিক পর আর দ্বিতীয় গোল হজম থেকে দলকে বাঁচাতে পারেননি তিনি। বাঁ দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান বেলিংহ্যাম। সেখানে এমবাপের হেডে বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে লক্ষ্যেই ছিল, তবে গতি ছিল কম, প্রায় গোললাইন থেকে টোকা দিয়ে নিশ্চিত করেন গুল্যার।

৮৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এমবাপে। ভিনিসিউসের বদলি নামা ডিওমান্ডের পাস ডি-বক্সের মুখে পেয়ে এক পলকে সামনে দেখেই জোরাল শট নেন ফরাসি তারকা, বল হাওয়ায় ভেসে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

আসরে তিন ম্যাচেই জালের দেখা পেলেন এমবাপে। এই মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তার গোল হলো ১২টি, এর তিনটি চ্যাম্পিয়ন্স লিগে।

দুই মিনিট পরেই একটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দেন গোমিস। তবে তাদের সেই রোমাঞ্চে দুই মিনিটের মধ্যে জল ঢেলে দেন ডিওমান্ডে; আরেক বদলি ফরোয়ার্ডের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে বুলেট গতির ভলিতে গোলটি করেন আইভরি কোস্টের উইঙ্গার।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর সব মিলিয়ে টানা চারটি ম্যাচ জিতল রেয়াল। এর সবশেষ তিনটিতে প্রতিপক্ষের জালে চার গোল করে; চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে রোমার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ গোলে, লা লিগায় গত রোববার সেভিয়ারর বিপক্ষে ৪-১ ব্যবধানে আর এবার এই অনায়াস জয়।

আগামী রোববার লা লিগায় বার্সেলোনার মাঠে খেলবে মরিনিয়োর দল। যেখানে ইতোমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে রেয়াল।

জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল