মাত্র ৩২ বছর বয়সে অনন্তলোকে অলিম্পিয়ান টরি
২০১৬ রিও দি জেনেইরো অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট।
২০১৬ রিও দে জেনোইরো অলিম্পিকসের ট্র্যাকে আলো ছড়িয়েছিলেন। একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছিলেন টরি বোউই। কিন্তু এই অলিম্পিয়ান নাকি ভুগছিলেন অবসাদে। বুধবার এলো দুঃসংবাদ। মাত্র ৩২ বছর বয়সে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন টরি।
সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নের মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানায়নি বিবিসি। মার্কা তাদের প্রতিবেদনে টিএমজেড-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে অবসাদে ভোগার তথ্য।
রিও দি জেনেইরো অলিম্পিকসে ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন টরি। ওই আসরেই ১০০ মিটার স্প্রিন্টে পেয়েছিলেন রুপা, ২০০ মিটারে জিতেছিলেন ব্রোঞ্জ।
ওই বছরই বিশ্ব চ্যাম্পিয়নশিপসে লন্ডনের ট্র্যাকে ঝড় তোলেন টরি; জিতে নেন ১০০ মিটারের সেরার মুকুট। ওই আসরে রিলেতেও সোনা জেতেন তিনি।
টরির হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমানোর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। যুক্তরাষ্ট্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিবৃতি দিয়ে জানিয়েছে টরির বিদায় ‘অপূরণীয় ক্ষতি’ এবং এই অ্যাথলেটের অভাব ‘ভীষণভাবে অনুভূব’ করবে তারা।
ইনস্টাগ্রাম পোস্টে অ্যাথলেটিকসের বিশ্ব সংস্থা জানিয়েছে টরির মৃত্যুতে তারা ‘গভীরভাবে শোকাহত।’
১০০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস অনুভব করছেন হৃদয় ভাঙার কষ্ট। টরিকে ‘দারুণ প্রতিযোগী এবং আলোর উৎস’ বলে মন্তব্য করেছেন তিনি।
“তোমার প্রাণশক্তি এবং হাসি সবসময় আমার সাথে থাকবে। শান্তিতে থাকো।”
২০০ মিটারে দুই বারের বিশ্বসেরা এবং যুক্তরাষ্ট্রের রেকর্ডধারী স্প্রিন্টার নোয়াহ লেলেসও শোক জানিয়েছেন।
লং জাম্প ইভেন্ট থেকে ২০১৪ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পা রাখেন টরি। ওই বছরই বিশ্বের দ্রুততম মানবীর খেতাব জিতে নেন তিনি।
২০১১ সালে কারমেলিতা জেটেরের পর যুক্তরাষ্ট্রের একমাত্র মহিলা অ্যাথলেট হিসেবে অলিম্পিক বা ১০০ মিটারে বিশ্বসেরা হওয়ার কীর্তি গড়েছিলেন টরি।
