ছিটকে পড়ার পুরো দায় নিলেন এনরিকে
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পুরো দায় নিয়েছেন লুইস এনরিকে। তবে হতাশায় ডুবে না গিয়ে বাকি মৌসুমের দিকে দৃষ্টি দিচ্ছেন বার্সেলোনার কোচ।
আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে বুধবার রাতে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বার্সেলোনা। প্রথম লেগে ২-১ এ জিতলেও দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে কাতালান ক্লাবটি।
ম্যাচ শেষে হারের দায় নিয়ে এনরিকে বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার জন্য আমি ৯৯.৯ ভাগ দোষী। না, আমিই শতভাগ দোষী। আমি কোচ এবং দায়টা আমারই।”
ফিরতি পর্বের এ ম্যাচে প্রায় ৭৭ ভাগ সময় বল দখলে রাখা বার্সেলোনা আক্রমণ করার দিক থেকেও এগিয়ে ছিল। তারপরও সাফল্য না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ এনরিকে।
“ম্যাচটা আমাদের প্রত্যাশামাফিকই ছিল। প্রথমার্ধে আমাদের খেলায় কোনো সমস্যা ছিল না, এমনকি যে পরিস্থিতিতে তারা গোল করেছিল, সেক্ষেত্রে আমরা ভাগ্যবান ছিলাম না। দ্বিতীয়ার্ধে একটা গোল পেতে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। রোমাঞ্চকর একটা ম্যাচ ছিল।”
তবে দিন শেষে ফলাফলটাই তো আসল। প্রতিপক্ষকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে তাই ভুল করেন নি এই স্প্যানিশ কোচ।
মৌসুমের শুরু থেকে যে অদম্য গতিতে ছুটে চলছিল বার্সেলোনা, তাতে সমর্থকদের পাশাপাশি তারা নিজেরাও নিশ্চয় প্রথম দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল। ইউরোপ সেরার ট্রফি ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ায় দলের সবার মন খারাপ বলে জানান গত মৌসুমে দলকে ট্রেবল জেতানো এই কোচ।
তবে পরাজয় খেলারই অংশ, তাই হতাশা ঝেড়ে বাকি দুই টুর্নামেন্টে দৃষ্টি ফেরালেন এনরিকে।
“আমাদের এখনও দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে। ঘরোয়া ফুটবলে ডাবল জিততে পারলে আমাদের এখনও মৌসুমটা দারুণভাবে শেষ করার সুযোগ আছে। কিন্তু আমাদের উন্নতি করতে হবে।”
লা লিগায় সবশেষ তিন ম্যাচে জয় না পেলেও এখনও শীর্ষেই আছে বার্সেলোনা। আতলেতিকোর চেয়ে ৩ এবং রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে মেসি-নেইমাররা। আর কোপা দেল ফাইনালে আগেই উঠেছে তারা।
