পেনাল্টি নিয়ে সন্দিহান আতলেতিকো অধিনায়ক
আতলেতিকো মাদ্রিদের অধিনায়ক গাবি হাত দিয়ে বল ঠেকানোর কথা স্বীকার করলেও পেনাল্টি নিয়ে নিশ্চিত নন তিনি। ডি-বক্সে হাতে লাগলে বার্সেলোনার পেনাল্টি প্রাপ্য ছিল বলে মনে করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে বুধবার রাতে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে ২-০ ব্যবধানে হেরে বার্সেলোনা ছিটকে পড়লেও ম্যাচটি ঘিরে বিতর্ক তাই থেকেই যাচ্ছে।
দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইমালে উঠেছে আতলেতিকো। ফিরতি পর্বের ম্যাচের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর বলে হাত লাগিয়েছিলেন গাবি। কিন্তু রেফারি পেনাল্টি না দিয়ে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকের নির্দেশ দেন।
এ প্রসঙ্গে ম্যাচ শেষে গাবি বলেন, “কখনও এগুলো দেওয়া হয়, কখনও না। এটা যদি (বক্সের) মধ্যে হয়, তাহলে আমি বলব পেনাল্টি।”
এই ঘটনার কিছুক্ষণ আগেই বার্সেলোনার বক্সে গ্রিজমানের উদ্দেশে বাড়ানো ফেলিপে লুইসের পাস ঠেকাতে গিয়ে বলে হাত লাগিয়ে দেন ইনিয়েস্তা। পেনাল্টি পায় আতলেতিকো, তা থেকেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান।
খেলার শেষ মুহূর্তে পেনাল্টিটা পেলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো। কারণ ওইসময় বার্সেলোনা গোল পেলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হতো ৩-৩, ম্যাচ গড়াতো অতিরিক্ত সময়ে। তা আর না হওয়ায় বিদায় নিল গতবারের চ্যাম্পিয়নরা।
