২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বার্সেলোনার

আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ায় স্বাভাবিকভাবেই হতাশ বার্সেলোনার সব খেলোয়াড়রা। তবে মন খারাপ করে না থেকে আন্দ্রেস ইনিয়েস্তা-হাভিয়ের মাসচেরানো ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 03:38 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

বার্সাকে বিদায় করে সেমিতে আতলেতিকো
‘বিরল’ গোল খরায় মেসি
পেনাল্টি নিয়ে সন্দিহান আতলেতিকো অধিনায়ক
ছিটকে পড়ার পুরো দায় নিলেন এনরিকে
নিজেদের উপর বিশ্বাসই জিতিয়েছে আতলেতিকোকে
‘বার্সার পেনাল্টি প্রাপ্য ছিল’
গ্রিজমানের ‘অসাধারণ রাত’

কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে ঘরের মাঠে ২-১ গোলে জেতায় ফিরতি লেগে ড্র করলেই পরের ধাপে উঠে যেত বার্সেলোনা। কিন্তু আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে বুধবার রাতে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে ২-০ ব্যবধানে হেরে যায় কাতালান ক্লাবটি। দুই লেগ মিলে ৩-২ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে শিরোপাধারীরা।

কালদেরনে এ ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু প্রয়োজনীয় গোলের দেখা পায়নি তারা। প্রতিপক্ষের চেয়ে তুলনামূলক ভালো খেলেও হারতে হওয়াটা পোড়াচ্ছে জর্দি আলবাকে।

“দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো খেলেছিলাম। বল আমাদের দখলে ছিল এবং আমরা অনেকগুলো সুযোগও তৈরি করেছি।”

পুরো ম্যাচে ৭৭ শতাংশ সময় বল দখলে ছিল বার্সেলোনার। আতলেতিকোর ৯টি শটের বিপরীতে বার্সেলোনার শট ছিল ১৩টি। তবে এর মধ্যে অতিথিদের মাত্র ৪টি শটই গোল বরাবর ছিল।

দ্বিতীয়ার্ধে শতভাগ চেষ্টা করেও গোল না পাওয়ার প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, “আমরা খেলাটা নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে আমরা মাঠের আরও সামনে এগিয়ে যায় কারণ আমরা জানতাম, আমাদের গোল করা প্রয়োজন।”

প্রথম দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন ভাঙার হতাশা থাকলেও তা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা শোনান দলের প্রায় সব খেলোয়াড়।

সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচে বার্সেলোনার এটা তৃতীয় হার। এ প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, “আমরা খুব একটা ইতিবাচক ফর্মে নেই। কোথাও থেকে আমাদের শক্তি খুঁজে নিতে হবে কারণ (মৌসুমে) যা কিছু এখনও বাকি আছে তাও খুব ভালো।”

বার্সেলোনার সময়টা খারাপ হলেও এখনও তাদের সামনে ঘরোয়া ফুটবলে ডাবল জয়ের সুযোগ আছে। লা লিগায় শীর্ষেই থাকা দলটি আতলেতিকোর চেয়ে ৩ এবং রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে। আর কোপা দেল ফাইনালে আগেই উঠেছে তারা।

অভিজ্ঞ ডিফেন্ডার মাসচেরানো ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে পড়া নিয়ে ভাবতেই রাজি নন। মন খারাপও করছেন না তিনি।

“এমনটা হয় এবং এখন আমাদের সামনে তাকাতে হবে। আমাদের নিজেদের তুলে ধরতে হবে, লিগে জোর মনোযোগ দিতে হবে এবং কাপ ফাইনালের জন্য প্রস্তুত হতে হবে।”

ম্যাচে নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার হতাশাও ফুটে ওঠে বার্সেলোনার খেলোয়াড়দের কথায়।

যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর বলে হাত লাগিয়েছিলেন আতলেতিকো অধিনায়ক গাবি। কিন্তু রেফারি পেনাল্টি না দিয়ে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকের নির্দেশ দেন।

বার্সেলোনা ডিফেন্ডার আলবা বলেন, “আমাকে বলা হয়েছিল, ওটা পেনাল্টি ছিল, আমিও মাঠে এটা দেখেছিলাম। কিন্তু তা দেওয়া হয়নি এবং আমাদেরও খেলা চালিয়ে যাওয়া ছাড়া কিছু করার ছিল না।"

আরেক ডিফেন্ডার জেরার্দ পিকে বলেন, "ওটা পরিষ্কার পেনাল্টি ছিল। আমি প্রথমে ভেবেছিলাম, তিনি (রেফারি) এটা দিবেন। কিন্তু এটা নিয়ে এখন আমরা কিছুই করতে পারি না, অভিযোগ করে কোনো লাভ নেই।”