গ্রিজমানের ‘অসাধারণ রাত’
বার্সেলোনাকে ছিটকে দিয়ে আতলেতিকো মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার রাতটাকে ‘অসাধারণ’ বললেন অঁতোয়ান গ্রিজমান।
বুধবার রাতে নিজেদের মাঠে ফরাসি এই ফরোয়ার্ডের জোড়া গোলেই ২-০ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে ওঠে আতলেতিকো। ৩৬তম মিনিটে সাউল নিগেসের দারুণ ক্রসে বিনা বাধায় লাফিয়ে হেডে গোল প্রথম গোলটি করেন গ্রিজমান। আর শেষ দিকে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন তিনি।
কাম্প নউয়ে প্রথম লেগে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে ওঠে দিয়েগো সিমেওনের দল।
দুই অর্ধে একটি করে গোল করা গ্রিজমান ম্যাচ শেষে বিটি স্পোর্টকে বলেন, “আমরা সবাই খুব খুশি। আমরা সবাই পারফর্ম করতে ও পরের ধাপে উঠতে চেয়েছিলাম। অসাধারণ এক রাত ছিল, এবং আশা করি আমরা এর পুনরাবৃত্তি করতে পারব।”
গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ চারে ওঠার প্রসঙ্গে গ্রিজমান বলেন, “এই নিয়ে অবশ্যই আমরা খুশি। এখন আমরা সেমির দিকে এবং তার পরের ধাপে ওঠায় লক্ষ্য রাখতে পারি।”
