‘বিরল’ গোল খরায় মেসি
আতলেতিকো মাদ্রিদের মাঠেও ব্যর্থ লিওনেল মেসি গোল পেলেন না টানা পাঁচ ম্যাচ। গত ছয় বছরের মধ্যে এমন অবস্থা আর হয়নি আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের।
ক্লাবের হয়ে ৪৫২ মিনিট ধরে কোনো গোল পাননি মেসি, ২০১০ এপ্রিলের পর সবচেয়ে বেশি সময় ধরে গোলশূন্য বার্সেলোনার সেরা তারকা।
এর আগে ২০১০ সালের এপ্রিলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭৪ মিনিট ধরে গোলশূন্য ছিলেন মেসি।
গত ১৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে বার্সেলোনার হয়ে ৪৪৯তম গোলটি করেন মেসি। এরপর সাড়ে চারশর মাইলফলক ছোয়ার প্রত্যাশায় গত ৫ ম্যাচে নামলেও প্রতিবারই হতাশ হয়ে মাঠ ছাড়েন তিনি।
মেসির গোল খরা বার্সেলোনার ছন্দপতনেরও অন্যতম কারণ। লা লিগায় ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ এবং চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগে গোল করতে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা মেসি। এর মধ্যে চার ম্যাচেই জিততে ব্যর্থ বার্সেলোনা, তার তিনটিতেই আবার হার।
লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ২২টি গোল করেছেন মেসি। স্পেনের শীর্ষ এই লিগের কোনো এক আসরে এই তারকার সর্বনিম্ন গোল ২৩টি, ২০০৮-০৯ মৌসুমে।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর বার্সেলোনার লক্ষ্য এখন ঘরোয়া ফুটবলে ডাবল জেতার। তবে মেসি সেরা ছন্দে না ফিরলে তাদের সে লক্ষ্যও বড় ধাক্কা খেতে পারে।
আতলেতিকোর চেয়ে ৩ এবং রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। কোপা দেল রের ফাইনালে আগেই উঠেছে তারা।
