নিজেদের উপর বিশ্বাসই জিতিয়েছে আতলেতিকোকে
তারকায় ঠাসা বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে খেলতে নামলেও আতলেতিকো মাদ্রিদ কখনও বিশ্বাস হারায়নি বলে জানিয়েছেন কোচ দিয়েগো সিমেওনে। আর এ কারণেই বার্সেলোনাকে হারিয়ে তার দল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে পেরেছে বলে মনে করেন আর্জেন্টাইন এই কোচ।
নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে হারায় আতলেতিকো। প্রথম পর্বে কাম্প নউ থেকে ২-১ হেরে আসলেও দুই পর্ব মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে ওঠে তারা।
ম্যাচ শেষে সিমেওনে বলেন, “আজ আরেকবার আমরা প্রচণ্ড কঠিন একটি ম্যাচ জিতেছি-কিন্তু খুব ভালো একটি ম্যাচ। আমরা কখনোই বিশ্বাস হারাইনি; পরিস্থিতি বুঝে আর কী করতে পারি তা বুঝে কাজ করেছি আমরা।”
“প্রথমার্ধে ম্যাচটি আমাদের চাওয়ার চেয়েও ভালো ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচটি তারা যেমন চেয়েছে তার কাছাকাছি ছিল। ম্যাচটি উন্মুক্ত করে দেওয়ার মতো খেলোয়াড় ছিল তাদের। কিন্তু আমরা ঐক্যবদ্ধ আর শক্তিশালী ছিলাম।”
এই সাফল্যের মূল্য বোঝাতে এনরিকে প্রতিপক্ষের শক্তিমত্তার বিষয়টি তুলে ধরেন।
“দারুণ ইতিহাস আর যে কোনো মুহূর্তে ম্যাচের অবস্থা বদলে দেওয়ার মতো খেলোয়াড় সমৃদ্ধ খুব ভালো এক দলের বিপক্ষে খেলেছি আমরা। ভিন্ন রকমের শক্তির দুটি দলের একটি ম্যাচ ছিল এটা। আর এতে আপনি কখনও কখনও জিতবেন এবং আজ আমরা জিতেছি।”
“এই মুহূর্ত আর ফিরে আসবে না। ফুটবলে এগুলো অনন্য। বাসে আসার সময় অনেক শিশুকে আমরা স্টেডিয়ামে যেতে দেখেছি। আমাদের উপর বিশ্বাস রেখেছে তারা। এটা বিশেষ এক দিন ছিল।”
