২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচার করাতে হবে নেইমারের

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 01:22 PM

Updated : 19 Oct 2023, 01:22 PM

নিকোলাস দে লার ফাউলের পর নেইমারের প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছিল খুব খারাপ কিছু হয়েছে। এমআরআই স্ক‍্যানের রিপোর্টে সেই শঙ্কাই সত‍্যি হয়েছে। এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেরে উঠতে করাতে হবে অস্ত্রোপচার, লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে।

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে বাজেভাবে ফাউল করা হয় নেইমারকে। চোখে জল নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড।

ব্রাজিলিয়া ফুটবল কনফেডারেশন বুধবার এক বিবৃতিতে জানায়, অস্ত্রোপচার করানো হবে নেইমারের। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই গ্রীষ্মেই পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে চোটের থাবায় বারবার থমকে যাচ্ছে তার পথচলা।

পিএসজির হয়েও গত দুই মৌসুমে একাধিক মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। সেসময় গোঁড়ালির চোট তাকে বেশ ভুগিয়েছে। গত কাতার বিশ্বকাপেও চোটের কারণে খেলতে পারেননি দুটি ম্যাচ।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সেসময় ২২ বছর বয়সী নেইমার কলম্বিয়ার  হুয়ান সুনিগার ভয়ঙ্কর ট্যাকলে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন।

যদিও নেইমারকে ছাড়া কলম্বিয়ার বিপক্ষে জিতে সেমি-ফাইনালে উঠেছিল ব্রাজিল। কিন্তু দলের সেরা তারকাকে ছাড়া জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল ৭-১ গোলে।

সবশেষ মন্তেভিদিওর ম্যাচেও উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হারে ব্রাজিল। দারউইন নুনেস ও  দে লা ক্রুসের গোলে ২২ বছর পর বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নদের হারায় উরুগুয়ে।