সেমি-ফাইনালে প্রতিপক্ষ ভারত নাকি মালদ্বীপ, ভাবছে না বাংলাদেশ
আপাতত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের দিকে মনোযোগ টমাস ডুলির দলের।
জয় দিয়ে শুরু করেছে ভারত ও বাংলাদেশ। দুই দলই এক পা দিয়ে রেখেছে সেমি-ফাইনালে। অভাবনীয় কিছু না ঘটলে ফাইনালের আগে দুই প্রতিবেশীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে, বাংলাদেশ এখনই সেমি-ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না। দলের ভাবনায় কেবল শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটি।
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিন প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের।
পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করা ভারত ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। ভুটানকে ১-০ ব্যবধানে হারানো বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষে। পরের ম্যাচে ভারত ও বাংলাদেশ ড্র করলেও হবে গ্রুপ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে সেমি-ফাইনালে দেখা হবে না তাদের। ভারত বা বাংলাদেশ-কারো পা হড়কালেই কেবল দেখা হবে শেষ চারে।
প্রথম ম্যাচের ধকল কাটিয়ে উঠতে শুক্রবার এবিজে ফুটবল গ্রাউন্ডে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। হালকা অনুশীলনের ফাঁকে সেমি-ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভুটান ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। ২৯ বছর বয়সি এই ফরোয়ার্ড বললেন, এখনই তারা এ নিয়ে ভাবছেন না।
“আমাদের লক্ষ্য…(সেমি-ফাইনালে) প্রতিপক্ষ কে, সেটা না, আমরা ম্যাচ বাই ম্যাচ হিসাব করছি। সেমি-ফাইনালে আমাদের প্রতিপক্ষ যদি ভারত হয়, তাহলে তাদের বিপক্ষে যেভাবে কোচ নির্দেশনা দেবেন, ওইভাবে খেলার চেষ্টা করব, যদি মালদ্বীপ হয়, তাহলে ওইভাবেই খেলব।”
সেমি-ফাইনালে মালদ্বীপের সাথে বাংলাদেশের দেখা হওয়ার সম্ভাবনা বেশি। তবে, ২০০৩ সালের পর সাফের শিরোপা ফিরে পাওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশের জন্য প্রতিপক্ষ যেই হোক, গোল এবং জয় পাওয়া গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে গুরুত্বপূর্ণ এই কাজটি করতে চান ইব্রাহিম। খেলতে চান যে কোনো পজিশনে।
“অবশ্যই একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে সবসময় চাইব যে দলের জয়ে অবদান রাখতে। যদি সুযোগ পাই, অবশ্যই একই লক্ষ্য থাকবে যে, গোল করব অথবা গোল করাব-যেকোনো একটা করব।”
“হ্যাঁ, আমার তো চেষ্টা থাকবে যদি ফরোয়ার্ড লাইনে সুযোগ পাই (তাহলে গোল করার বা করানোর)। আমি সবসময় প্রস্তুত যেকোনো পজিশনে খেলতে।”
