১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘ভিএআর ভালো লাগেনি’, হাসতে হাসতে বললেন ভারত কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির ব্যবহার হলো।

‘ভিএআর ভালো লাগেনি’, হাসতে হাসতে বললেন ভারত কোচ

সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারতের কোচ নওশাদ মুসা ও অধিনায়ক নাথান রদ্রিগেজ। ছবি: শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 06:12 PM

Updated : 14 Nov 2026, 06:12 PM

দ্বিতীয়ার্ধে ভিএআরের দুটি সিদ্ধান্তই গেল ভুটানের অনুকূলে। তাতে অবশ্য ভারতকে আটকাতে পারেনি তারা। স্বস্তির জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। জয়ের প্রতিক্রিয়া দিতে এসে, ভিএআর প্রযুক্তি নিয়ে মজাই করলেন দলটির কোচ নওশাদ মুসা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার ভুটানেক ২-১ গোলে হারায় প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। এ নিয়ে ১৫ আসরের মধ্যে ১৪টিরই ফাইনালে উঠল তারা।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে ভুটান পায় ম্যাচে ফেরা গোলের দেখা। তবে কিনজ্যাং তাশি টবডেন জাল খুঁজে নেওয়ার সময় উঠেছিল অফসাইডের পতাকা। কিন্তু ভিএআর চেকে দেখা যায় অফসাইড হয়নি। টিকে যায় গোল।

এই গোলের কিছুক্ষণ পর, ৬৫ মিনিটে ডি বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর চেকে দেখা যায় হ্যান্ডবল হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্তও বদলায়। পেনাল্টি পাওয়া হয়নি ভারতের। ম্যাচ শেষে তাই ভিএআর নিয়ে কথা বলতে গিয়ে হাসি মুখেই যেন ‘খোঁচা’ দিলেন ভারত কোচ।

“জানি না, কোনোভাবেই আমার এটা ভালো লাগেনি (হাসি)। একটি গোল আর একটি পেনাল্টি। তাই আমি ভিএআর অপছন্দ করি।

“এটা ভালো, ভালো উদ্যোগ (ভিএআর এর ব্যবহার)। আশা করি, পরের ম্যাচে হয়তো এটা আমার পক্ষে কাজে লাগবে।”