১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স

সুপার সিক্স না থাকায় বাছাইপর্বে কমছে ১১টি ম্যাচ।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স

ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 05:44 PM

Updated : 16 Nov 2026, 05:44 PM

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোতে পরিবর্তন এনেছে আইসিসি। গত তিন আসরে থাকলেও, এবার বাছাইপর্ব থেকে সুপার সিক্স রাউন্ড বাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।

আগের আসরগুলোতে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলত। এরপর দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল নিয়ে হতো সুপার সিক্স পর্ব। বাছাইপর্বে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হতো এবং শীর্ষ দুই দল মূল টুর্নামেন্টে জায়গা করে নিত। তবে আগামী বছরের বাছাইপর্বে সুপার সিক্স পর্ব না থাকায় ম্যাচ হবে ২৩টি।

ইন্দোনেশিয়ার বালিতে রোববার সভা শেষে আইসিসি জানায়, আগের মতো ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমি-ফাইনালে। এরপর হবে ফাইনাল।

২০২৭ বিশ্বকাপের নতুন কাঠামো অনুযায়ী, বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে ১৪ দলের মূল টুর্নামেন্টে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো খেলবে বিশ্বকাপের প্রাথমিকপর্বে, যার নাম দেওয়া হয়েছে ‘সুপার সিরিজ।’ সেখান থেকে সেরা দলটি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে ছয়টি দল। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আর বিশ্বকাপ লিগ-২ থেকে যোগ্যতা অর্জন করেছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান।

বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী মাসে নেপালে অনুষ্ঠেয় বাছাইপর্বের প্লে-অফ থেকে। এই প্লে-অফে খেলবে বিশ্বকাপ লিগ-২-এর পয়েন্ট তালিকার নিচের চার দল এবং চ্যালেঞ্জ লিগের আট দলের মধ্য থেকে যোগ্যতা অর্জন করা চারটি দল।