২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

কেবল পিএস৫ এর জন্যই নয়, বরং গত তিন দশকে মুক্তি পাওয়া পাঁচটি কনসোল প্রজন্মের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে জিটিএ সিক্স।

প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

গেইমটি খেলায় প্রথম চার দিনে প্রত্যেক গেইমার গড়ে ১৭ দশমিক ৪ ঘণ্টা সময় ব্যয় করেছেন। ছবি: রকস্টার গেইমস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:05 AM

Updated : 25 Nov 2026, 10:05 AM

প্লেস্টেশনের তিন দশকের কনসোল ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্য পেয়েছে গ্র্যান্ড থেফট অটো সিক্স।

সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট বলেছে, উদ্বোধনী সপ্তাহান্তেই গেইমটির পেছনে ৬৮ কোটি ৩০ লাখ ঘণ্টা ব্যয় করেছেন গেইমারা ও কনসোলটিতে নতুন সংযোগেরও রেকর্ড গড়েছে গেইমটি।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কেবল পিএস৫-এর জন্যই নয়, বরং গত তিন দশকে মুক্তি পাওয়া পাঁচটি কনসোল প্রজন্মের ইতিহাসে ‘মাল্টিপ্লেয়ার, ফ্রি-টু-প্লে ও সিঙ্গেল-প্লেয়ার গেইমগুলোর মধ্যে’ নতুন রেকর্ড গড়েছে জিটিএ সিক্স।

সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের টিম টুরি ঘোষণা করেছেন, ২২ নভেম্বর শেষ হওয়া গেইমটির উদ্বোধনী সপ্তাহান্তে গেইমাররা সম্মিলিতভাবে ৬৮ কোটি ৩০ লাখ ঘণ্টা গেইমটি খেলেছেন।

প্রথম চার দিনে প্রত্যেক গেইমার গড়ে ১৭ ঘণ্টা ২৪ মিনিট সময় ব্যয় করেছেন।

সনির ঘোষণা অনুসারে, ‘জিটিএ সিক্স’ পিএস৫ বিক্রিতেও গতি এনেছে। বছর শেষের ছুটির মৌসুম ছাড়া কনসোলটি বাজারে আসার পর থেকে এক দিনে সর্বোচ্চ সংখ্যক নতুন পিএস৫ সংযোগের রেকর্ড দেখেছে কোম্পানিটি।

উদ্বোধনী সপ্তাহান্তে নতুন কেনা ও সংযুক্ত হওয়া পিএস৫ কনসোলগুলোর ৭০ শতাংশেই প্রথম গেইম হিসেবে এটা খেলা হয়েছে।

সব মিলিয়ে ৩ কোটি ৯০ লাখের বেশি স্বতন্ত্র গেইমার কনসোলটিতে গেইম চালু করেছেন। উদ্বোধনী সপ্তাহান্তে তাদের মধ্যে কতজন ‘পিএস৫ প্রো’তে গেইমটি খেলেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি সনি।

কোম্পানিটি বর্তমানে ‘পিএস৫ প্রো’র সরবরাহ সংকটে ভুগছে ও ‘জিটিএ সিক্স’ মুক্তির পর এই সংকট আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছিল।

ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তি প্রকাশের ১৩ বছর পর ১৯ নভেম্বর পিএস৫ ও এক্সবক্স সিরিজ এক্স|এস-এর জন্য ‘জিটিএ ৬’ মুক্তি দিয়েছে রকস্টার গেইমস।

এক্সবক্সেও গেইমটি সাফল্য পেয়েছে ও দ্রুতই প্ল্যাটফর্মটির অন্যতম সর্বাধিক খেলা গেইমে পরিণত হয়েছে।

রকস্টারের মূল কোম্পানি ‘টেইক-টু ইন্টারেক্টিভ’ বলেছে, মুক্তির প্রথম দিনেই গেইমটির খুচরা বিক্রি ৩৭৯ কোটি ডলারে পৌঁছেছে, যাকে ‘ইতিহাসের সবচেয়ে বড় বিনোদন উদ্বোধন’ হিসেবে বর্ণনা করেছে তারা।

গেইমটির এমন আকাশচুম্বী সাফল্যের পরও গেইমিং শিল্পের স্টুডিওগুলোতে বর্তমানে চলা ছাঁটাইয়ের ঢেউয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে এখনও উদ্বেগে রয়েছেন এর ডেভেলপাররা।