Published : 10 Jul 2023, 05:26 PM
মাওরিসিও পচেত্তিনো কোচ হওয়ার পর থেকে গ্রীষ্মের দলবদলে ব্যস্ত সময় কাটছে চেলসির। দল ছেড়ে গেছেন আক্রমণভাগের কয়েকজন খেলোয়াড়। শক্তি বাড়াতে ক্লাবটির চোখ এখন দুসান ভ্লাহোভিচের দিকে। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, সার্বিয়ার এই ফরোয়ার্ডের বিনিময়ে অর্থের পাশাপাশি রোমেলু লুকাকুকে চায় ইউভেন্তুস।
ফিওরেন্তিনা থেকে ৬ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে গত বছরের জানুয়ারিতে ইউভেন্তুসে নাম লেখান ভ্লাহোভিচ। তুরিনের ক্লাবটির হয়ে গত মৌসুমে সেরি আয় ২৭ ম্যাচ খেলে ১০টি গোল করেন এই সার্বিয়ান।
তাকে পেতে নাকি জোর চেষ্টা চালাচ্ছে চেলসি। তবে তাদের প্রথম প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে ইউভেন্তুস।
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোররিয়ের দেল্লা সেরা’-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্লাহোভিচের জন্য চেলসি শুরুতে ৫ কোটি ১০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ২৩ বছর বয়সী এই ফুটবলারের জন্য ইউভেন্তুস চাইছে ৭ কোটি ৭০ লাখ পাউন্ড।
ওই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে, এরই মধ্যে চেলসিকে আরেকটি প্রস্তাব দিয়েছে ইউভেন্তুস। এই প্রস্তাবে ভ্লাহোভিচকে পেতে হলে ইংলিশ ক্লাবটিকে গুনতে হবে কেবল ২ কোটি ১০ লাখ পাউন্ড, তবে সঙ্গে দিতে হবে রোমেলু লুকাকুকেও।
২০২১ সালে ইন্টার মিলান থেকে প্রায় ১০ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে লুকাকু চেলসিতে যোগ দিলেও সেখানে সময়টা মোটেও ভালো কাটেনি তার। উল্টো গত মৌসুম তিনি ধারে খেলেন ইন্টারে।
বিভিন্ন সময়ে বেলজিয়ান স্ট্রাইকার নিজেই বলেছেন, ইন্টারেই থেকে যেতে চান তিনি।
তবে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আসছে নতুন খবর, লুকাকু নাকি এরই মধ্যে ইউভেন্তুসকে জানিয়েছেন, সেখানে যেতে চান তিনি। নিজেদের প্রস্তাবে তাই চেলসিকে এখন রাজি করানোর চেষ্টা করবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।