Published : 23 Jul 2026, 06:39 PM
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার এখনও কোনো ম্যাচ না জিতলেও, তার অন্য একটি জয়ের ধারা অব্যাহত রয়েছে। প্রথম আট ম্যাচের সবকটিতে টস জিতে প্রায় ৯ দশক আগের একটি স্মৃতি ফিরিয়েছেন তিনি।
হারারেতে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং নেন শ্রেয়াস। একই সঙ্গে তার নাম উঠে যায় রেকর্ড বইয়ের আরও কয়েকটি পাতায়।
পুরুষদের টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম আট ম্যাচের সবকটিতে টস জেতা প্রথম ক্রিকেটার হলেন শ্রেয়াস। বাহমার গ্রেগরি টেলর তার নেতৃত্বের প্রথম সাতটি টি-টোয়েন্টিতে টস জিতেছিলেন।
আর আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো সংস্করণে অধিনায়ক হিসেবে নিজের প্রথম আট ম্যাচের প্রতিটিতে টস জয়ী দ্বিতীয় ক্রিকেটার শ্রেয়াস। এতদিন এই কীর্তি ছিল শুধু ইংলিশ গ্রেট ওয়ালি হ্যামন্ডের।
ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হ্যামন্ডের নেতৃত্বের অভিষেক হয় ১৯৩৮ সালের জুনে। পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অধিনায়কত্বের প্রথম আট টেস্টেই টস জেতেন তিনি। মাঝে একটি ম্যাচ পরিত্যক্ত হয়, হয়নি টসও।
ওই আট ম্যাচের দুটিতে জিততে পারেন হ্যামন্ড। ড্র হয় পাঁচটি, হার একটি।
শ্রেয়াস প্রথম সাত ম্যাচের ছয়টিতেই হেরেছেন, ফল হয়নি একটির। তার নেতৃত্বে আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর, ইংল্যান্ড সফরে ৪-০ ব্যবধানে সিরিজ হেরে ভারত।